ওয়েবডেস্ক। ১ জুন
বদরপুরের প্রস্তাবিত নতুন নাম ‘সিদ্ধেশ্বর ধাম’কে ঘিরে উচ্ছ্বাস দেখা দিয়েছে পাঁচগ্রামে। বদরপুরের নাম পরিবর্তন করে ‘সিদ্ধেশ্বর ধাম’ করার প্রস্তাব ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে যখন আলোচনা তুঙ্গে, তখনই এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাস্তায় নামলেন পাঁচগ্রামের বাসিন্দারা। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে তাঁরা নতুন পুরসভায় পাঁচগ্রামের একাধিক ওয়ার্ডও অন্তর্ভুক্তির দাবি তুলেছেন।
আজ সন্ধ্যায় পাঁচগ্রাম পুরাতন বাজারে একত্রিত হয়ে বদরপুরের নাম পরিবর্তনের প্রস্তাবকে স্বাগত জানালেন স্থানীয় বাসিন্দারা। বেশ কয়েকজন স্থানীয় মানুষ কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
রামু দে, সুরজিত সেন, মিঠুন শুক্লবৈদ্য সহ অন্যরা বলেন, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বদরপুরের নাম পরিবর্তন করে ‘সিদ্ধেশ্বর ধাম’ করার প্রস্তাব ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছেন। তাঁরা মনে করেন এতে, এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় গুরুত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নামকরণ একটি ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ। ভবিষ্যতে ‘সিদ্ধেশ্বর ধাম’ নামে যে পুরসভা গঠিত হবে, সেখানে পাঁচগ্রাম জিপির কয়েকটি ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করা হোক। এতে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং প্রশাসনিক পরিষেবা আরও ভালো হবে।
তাঁরা আশা প্রকাশ করেন, সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং জনগণের দীর্ঘদিনের এই দাবির প্রতি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

error: Content is protected !!