ওয়েবডেস্ক। ১২ জুন
এনডিএ সরকারের উদ্যোগে মহিলাদের মর্যাদা, সুযোগ এবং ক্ষমতায়নের ক্ষেত্র আরও বিস্তৃত হয়েছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি বলেন, গত ১২ বছরে সরকারের নীতিগুলি মহিলাদের নেতৃত্বে উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রধানমন্ত্রী জানান, অর্থনৈতিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং প্রশাসন, সব ক্ষেত্রেই মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, সরকারের প্রচেষ্টা মহিলাদের সম্মান, সুযোগ এবং ক্ষমতায়নের ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে, যা তাদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে সহায়তা করছে এবং দেশ গঠনে আরও শক্তিশালী ভূমিকা রাখতে উৎসাহিত করছে।
মোদির মতে, বিজ্ঞান, মহাকাশ গবেষণা এবং উদ্ভাবনের মতো ক্ষেত্রে ভারতের মহিলারা বিশেষ সাফল্য অর্জন করছেন। পাশাপাশি ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে, যা উন্নয়নের নতুন দিগন্ত খুলে দিচ্ছে। তিনি আরও জানান, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে সহায়তা করা হচ্ছে, যার ফলে মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়ছে।
উল্লেখ্য, এনডিএ সরকার ক্ষমতায় আসার ১২ বছর পূর্ণ করেছে। ২০১৪ সালের ২৬ মে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। ২০১৯ সালে তিনি দ্বিতীয় দফায় এবং ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হন। সম্প্রতি তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্বাচিত প্রধানমন্ত্রিত্বের ৪ হাজার ৩৯৮ দিনের রেকর্ড অতিক্রম করেছেন।
