ওয়েবডেস্ক। ১ জুন
বদরপুর থানার নয়াগ্রাম এলাকায় শিশুদের মধ্যে শুরু হয় বচসা। প্রথমে সামান্য কথা কাটাকাটি হলেও মুহূর্তের মধ্যেই তা রূপ নেয় দুই পক্ষের উত্তেজনায়। স্থানীয়দের দাবি, পরিস্থিতি ক্রমশ অশান্ত হয়ে ওঠে।
এই সময় ঝগড়া থামাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন নামের জনৈক ব্যক্তি। কিন্তু অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বদলে তাঁকে লক্ষ্য করেই চালানো হয় হামলা। ধারালো দা দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের। এক সময় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন হেলাল উদ্দিন। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে শ্রীগৌরী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার পর আহতের ভাই কবির আহমেদ বদরপুর থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগের তীর একই গ্রামের ইয়াসিন আলির পুত্র আবু আলির দিকে। এজাহারে উল্লেখ করা হয়েছে, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটে।
ঘটনাকে কেন্দ্র করে বদরপুরের নয়াগ্রাম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এজাহারের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বদরপুর পুলিশ। ঘটনার নেপথ্যের কারণ এবং হামলার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
