ওয়েবডেস্ক। ১১ অক্টোবর
রামকৃষ্ণনগর আইসিডিএস প্রজেক্ট-এর অধীন পদ্মারপাড় ১০১নং অঙ্গনওয়াড়ি সেন্টারের পোষণ অভিযান উপলক্ষে অঙ্গন মিলন সেবা অনুষ্ঠান হল রবিবার। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিধায়ক বিজয় মালাকার। এরপর বিধায়ক অঙ্গনওয়াড়ি সুপারভাইজর, ওয়ার্কার ও হেল্পারদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান। বিধায়ক ছোট ছোট বাচ্চাদের মধ্যে চকলেট ও লাড্ডু বিতরণ করেন। এদিন নতুন অঙ্গনওয়াড়ি সেন্টারের প্রতিটি কক্ষ পরিদর্শন করেন বিধায়ক। অঙ্গন মিলন সেবায় গর্ভবতী মহিলাদের কি ধরণের পুষ্টিকর খাওয়া উচিত তা সেন্টারের একটি সাইডে সবজিগুলো সুন্দর করে রেখে তা বিধায়ককে দেখালেন ওয়ার্কার ও সুপারভাইজররা।এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় এলাকার কিছু মানুষ গ্রামের রাস্তার সমস্যা নিয়ে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করান। বিধায়ক তাঁদের আশ্বাস দিয়ে বলেন, সড়কগুলি সংস্কার করা হবে এনিয়ে ভাবতে হবে না। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয় মালাকার বলেন, অঙ্গন মিলন সেবায় উপস্থিত হয়ে খুব ভালো লাগছে তাঁর। উল্লেখ করেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর পূর্তি উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সেবামূলক কাজ চলছে। আজকে এখানে উপস্থিত হয়ে দু’টি কাজ করেছি। প্রথমটি হল এই অঙ্গনওয়াড়ি মডেল সেন্টারের উদ্বোধন ও অঙ্গনওয়াড়ি দিদিদের সংবর্ধনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা। সঙ্গে বিশেষভাবে মুখ্যমন্ত্রীর দেওয়া অভিনন্দনপত্র ও ১০০০ টাকার চেক উপহার হিসেবে তাঁদের হাতে তুলে দেওয়া হয়। বলেন বিজেপি সরকার আসার পর থেকে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো পূর্ণরূপ ফিরে পেয়েছে। বিগত কংগ্রেস সরকারের সময় এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলির অবস্থা খুব খারাপ ছিল। হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে অসমের সবক’টি অঙ্গনওয়াড়ি সেন্টারকে মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার করাই তাঁর লক্ষ্য। সে পথেই তিনি এগিয়ে যাচ্ছেন।এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর আইসিডিএস প্রজেক্ট এর সিডিপিও বিনোদ ছেত্রী, বড়বাবু কমল কান্তি দেব, শ্রীভূমি জেলার বিজেপির এগজিকিউটিভ সদস্য অমৃত পাল, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য রিপন দাস, মণ্ডল যুব মোর্চার সভাপতি নিশীথ নাথ, অনির্বাণ নাথ, বরুয়ালা জিপি সভানেত্রী প্রতিনিধি, সুপারভাইজর অসীমা নাথ, সংগীতা মোহন্ত, ব্লক কোর্ডিনেটর অনিমেষ দাস ছাড়াও বিভিন্ন সেন্টারের ওয়ার্কার, হেল্পার-সহ স্থানীয়রা।
