ওয়েবডেস্ক। ২৭ অক্টোবর
বদরপুর সার্কল এলাকার পাহাড়ি দুর্গম জনপদ বড়ছড়া খাসিয়াপুঞ্জি। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের প্রধান সমস্যা যাতায়াত ব্যবস্থা। বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করতে প্রধানমন্ত্রী গ্রাম-সড়ক যোজনার অধীনে পুঞ্জিতে যাতায়াতের সড়কটি পাকা করার প্রকল্প অনুমোদন করেছে সরকার। টেন্ডার প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু অভিযোগ, কাজের বরাত পাওয়া ঠিকাদার এখনও পর্যন্ত নির্মাণকাজ শুরু করেননি। ফলে সড়ক পাকাকরণের কাজ কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এলাকাবাসী।
জানা গেছে, আলেকারগোল বিএ রোড থেকে বড়ছড়া খাসিয়াপুঞ্জি পর্যন্ত সড়কটি এই এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। দুর্গম পাহাড়ি অঞ্চলে বসবাসকারী মানুষকে প্রতিদিন নানা প্রয়োজনে এই রাস্তার উপর নির্ভর করতে হয়। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে যাতায়াত করতে গিয়ে তাঁদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
এলাকাবাসীর বক্তব্য, সড়ক পাকাকরণের প্রকল্প অনুমোদন এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও কাজ শুরু না হওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। বিশেষ করে, পাহাড়ি এলাকার ভৌগোলিক পরিস্থিতির কথা মাথায় রেখে দ্রুত নির্মাণকাজ শুরু করা জরুরি বলে মনে করছেন তাঁরা।
স্থানীয়দের আশঙ্কা, শুকনো মরসুমে দ্রুতগতিতে কাজ শুরু করে এগিয়ে নিয়ে যেতে না পারলে পরবর্তী সময়ে বর্ষা ও প্রতিকূল আবহাওয়ার কারণে পাহাড়ি এলাকায় নির্মাণকাজ আরও কঠিন হয়ে পড়বে। এতে প্রকল্পের কাজ দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বাড়তে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে সড়ক নির্মাণের কাজ শুরু করার দাবি জানিয়েছেন বড়ছড়া খাসিয়া পুঞ্জির বাসিন্দারা। পাশাপাশি, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমদের কাছেও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তাঁরা।
