ওয়েবডেস্ক। ২৬ অক্টোবর
উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনভয়। সোমবার একাধিক গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। তবে দুর্ঘটনায় অক্ষত রয়েছেন রাহুল গান্ধী। আহতদের মধ্যে কংগ্রেসের কর্মী, দলীয় পদাধিকারী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন রয়েছেন বলে জানা গিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৯১ কিলোমিটার চিহ্নিত স্থানের কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে পরপর পাঁচটি গাড়ি এবং একটি অ্যাম্বুল্যান্সের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে ঠিক কতজন আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।
সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরে যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি মানহানির মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে বিশেষ সাংসদ-বিধায়ক আদালতের রায় ঘোষণার কথা রয়েছে। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন রাহুল গান্ধী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন কয়েকশো কংগ্রেস কর্মী ও স্থানীয় দলীয় নেতারা। রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা এবং রায়বরেলির সাংসদ।
বিমানবন্দর থেকে সুলতানপুরের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তিনি। তবে গন্তব্যে পৌঁছনোর পথেই কনভয়ের দুর্ঘটনার খবর সামনে আসে। এদিকে, এই ঘটনায় তদন্তে নামল পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তা জানতে সোমবার বিশেষ তদন্তকারী দল গঠন করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কনভয়ের সঙ্গে থাকা গাড়িগুলির ব্যবস্থাপনা, নিরাপত্তারক্ষীদের ভূমিকা এবং যান চলাচল নিয়ন্ত্রণের বিষয়গুলিও তদন্ত করে দেখা হবে।
উত্তরপ্রদেশের পুলিশপ্রধান রাজীব কৃষ্ণের নির্দেশে এই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত পুলিশ সদর দফতরে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলটিকে। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশও করবে তদন্তকারী দল। লখনউ রেঞ্জের পুলিশ পরিদর্শক জেনারেল কিরণ এস এই তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন। দলের অন্য দুই সদস্য হলেন সুলতানপুরের অতিরিক্ত পুলিশ সুপার ব্রিজ নারায়ণ সিং এবং সুলতানপুরের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ সুপার রামকৃষ্ণ চতুর্বেদী।
সংবাদ সংস্থাকে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কনভয়ের সামনের দিকে থাকা স্থানীয় কংগ্রেস নেতাদের একটি ব্যক্তিগত গাড়ি কোনও এক অজ্ঞাত কারণে আচমকা ব্রেক কষে। এর জেরেই পিছনে থাকা গাড়িগুলি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলির কয়েকটি মাঝপথে কনভয়ে যোগ দিয়েছিল। ওই গাড়িগুলিতে আমেথি জেলার কয়েকজন কংগ্রেস কর্মী-সহ একাধিক যাত্রী ছিলেন। কেন আচমকা ব্রেক কষা হয়েছিল, পরপর সংঘর্ষ কী ভাবে ঘটল এবং কনভয়ের গাড়িগুলির মধ্যে যথাযথ দূরত্ব ও সমন্বয় বজায় রাখা হয়েছিল কি না, তদন্তে সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হবে।
