ওয়েবডেস্ক। ১৬ জুন
আগামী ২২ থেকে ২৫ জুন অম্বুবাচি মেলা উপলক্ষে কামাখ্যা মন্দিরে আসা লক্ষাধিক ভক্তের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন পরিচালনা, অতিরিক্ত টিকিট কাউন্টার, সহায়তা কেন্দ্র, নিরাপত্তাব্যবস্থা জোরদার সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেলা চলাকালীন যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে প্রায় ৫০টি জেনারেল সেকেন্ড ক্লাস (জিএস) কোচ নিয়ে তিনটি বিশেষ আনরিজার্ভড ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে, যা কামাখ্যাকে অসম ও উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির সঙ্গে সংযুক্ত করবে। পাশাপাশি, বিভিন্ন নিয়মিত যাত্রীবাহী ট্রেনে সাময়িকভাবে অতিরিক্ত ১১টি জিএস কোচ সংযোজন করা হচ্ছে।
মঙ্গলবার এনএফ রেলের সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা মালিগাঁও থেকে মুঠোফোনে এখবর জানিয়েছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বিশেষ ট্রেন পরিষেবার অংশ হিসেবে ট্রেন নং ০৫৬৬১ কামাখ্যা–আলিপুরদুয়ার জংশন ওয়ান-ওয়ে স্পেশাল ১৯ জুন কামাখ্যা থেকে যাত্রা শুরু করে পরদিন আলিপুরদুয়ারে পৌঁছাবে। এছাড়া ট্রেন নং ০৫৪৪৪/০৫৪৪৫ আলিপুরদুয়ার–কামাখ্যা–আলিপুরদুয়ার স্পেশাল ২০ থেকে ২২ জুন এবং ২৪ থেকে ২৭ জুন পর্যন্ত প্রতিদিন চলবে।
অন্যদিকে, ট্রেন নং ০৫৭৮০ নিউ জলপাইগুড়ি–কামাখ্যা স্পেশাল ২০ ও ২৭ জুন চলবে এবং ট্রেন নং ০৫৭৭৯ কামাখ্যা–নিউ জলপাইগুড়ি স্পেশাল ২১ ও ২৮ জুন চলাচল করবে। এর ফলে অসম ও উত্তরবঙ্গের মধ্যে ভক্তদের যাতায়াতে অতিরিক্ত সুবিধা মিলবে।
যাত্রীদের টিকিট সংগ্রহ সহজ করতে কামাখ্যা ও গুয়াহাটি রেলস্টেশনে অতিরিক্ত টিকিট কাউন্টার ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। পাশাপাশি, ভক্তদের তথ্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ হেল্প ডেস্ক ও অনুসন্ধান কেন্দ্র স্থাপন করা হবে।
ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে আরপিএফ, জিআরপি, বাণিজ্যিক ও কারিগরি বিভাগের অতিরিক্ত কর্মী মোতায়েন করা হচ্ছে। এছাড়া, এনএফ রেল ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবক ভক্তদের পথনির্দেশ, তথ্য প্রদান ও অন্যান্য সহায়তায় নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন তিনি।
