ওয়েবডেস্ক। ৯ জুন
একদিকে টানা বর্ষণ, অন্যদিকে দীর্ঘদিনের জলনিকাশি সমস্যার জেরে জলমগ্ন হয়ে পড়ল বিদ্যালয়। ফলে শ্রেণিকক্ষে নয়, স্থানীয় এক ব্যবসায়ীর গোডাউনে বসেই পরীক্ষা দিতে হল ছাত্রছাত্রীদের। এমনই করুণ ও উদ্বেগজনক চিত্র ধরা পড়েছে শিলচর শহরতলির সোনাই রোড সংলগ্ন ৩৬৫ নম্বর উত্তর কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার রাতভর বৃষ্টির পর সোমবার সকালে বিদ্যালয়ে এসে পড়ুয়ারা দেখতে পায়, স্কুল প্রাঙ্গণ থেকে শ্রেণিকক্ষের সামনের অংশ পর্যন্ত হাঁটুজল জমে রয়েছে। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ না করেই বাড়ি ফিরে যায়। পরিস্থিতির কারণে সেদিন পাঠদান সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল হক মজুমদার জানান, মঙ্গলবার থেকে পিইডি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ করা জরুরি হওয়ায় স্থানীয় এক ব্যবসায়ীর সহযোগিতায় তাঁর গোডাউনে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট স্কুল পরিদর্শককেও জানানো হয়েছে বলে তিনি জানান। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে জলাবদ্ধতা অব্যাহত থাকলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষাব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই কার্যকর জলনিকাশি ব্যবস্থার অভাব রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা ও বিদ্যালয় চত্বরে জল জমে যায়। তাঁদের মতে, অপরিকল্পিতভাবে নালা ভরাট হয়ে যাওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবেই সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে।
পাশাপাশি বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া শিলচর-আইজল জাতীয় সড়ক উঁচু করে নির্মাণের ফলে বৃষ্টির জল বিদ্যালয়মুখী হয়ে পড়ছে বলেও অভিযোগ করেন তাঁরা। দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণ করা না হলে বর্ষা মরশুমে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বাড়বে। তাই অবিলম্বে কার্যকর জলনিকাশি ব্যবস্থা গড়ে তোলা এবং বিদ্যালয়কে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
