ওয়েবডেস্ক। ৯ জুন
শিলকুড়ির ধরমখাল চাকমাটিলা এলাকায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা ও বিতর্কের প্রেক্ষিতে মঙ্গলবার এলাকা পরিদর্শন করেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়।
দলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় পৌঁছে বিধায়ক স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দীর্ঘসময় ধরে মতবিনিময় করেন। তিনি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা, উদ্বেগ ও দাবি-দাওয়ার কথা মনোযোগ সহকারে শোনেন এবং জমি সংক্রান্ত বিষয়ের প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
পরিদর্শন শেষে বিধায়ক কিশোর নাথ জানান, সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন দাবির সত্যতা যাচাই করতেই তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় জনগণের বক্তব্য এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন, এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন এবং তাঁরা সকলেই স্থানীয়। সামাজিক মাধ্যমে উত্থাপিত বিদেশি নাগরিক বসবাসের অভিযোগের কোনও প্রমাণ বা সত্যতা তিনি খুঁজে পাননি বলেও উল্লেখ করেন।
বিধায়ক আরও বলেন, ‘যে কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব পরিস্থিতি যাচাই করা অত্যন্ত জরুরি। গুজব বা বিভ্রান্তিকর তথ্যের উপর নির্ভর না করে প্রকৃত তথ্যের ভিত্তিতেই বিষয়গুলো বিবেচনা করা উচিত। এলাকার শান্তি, সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
বিধায়কও জানান, জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয় সরকার ও প্রশাসনের নজরে রয়েছে। এলাকার মানুষের স্বার্থ রক্ষা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন।
এদিন স্থানীয় বাসিন্দারাও তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি বিধায়কের সামনে তুলে ধরেন। তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে সংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন বিধায়ক।
স্থানীয়দের মতে, বিধায়কের এই সরেজমিন পরিদর্শনের ফলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে চলমান বিভ্রান্তি অনেকটাই দূর হবে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

error: Content is protected !!