ওয়েবডেস্ক। ৭ জুন
উধারবন্দে মালবাহী গাড়িতে চা শ্রমিকদের বহন করায় জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পরিবহন বিভাগের আইন অমান্য করে প্রাণের ঝুঁকি নিয়ে এই অনিরাপদ ও অমানবিক পরিবহন ব্যবস্থার বিরুদ্ধে সাধারণ মানুষ ও শ্রমজীবীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগান কর্তৃপক্ষ কাজের সুবিধার্থে শ্রমিকদের আনা-নেওয়ার জন্য যাত্রীবাহী বাস বা অনুমোদিত যানবাহনের পরিবর্তে পণ্য পরিবহনের জন্য নির্মিত মালবাহী লরি ব্যবহার করছেন। এসব লরিতে কোনো ছাদ নেই, নিরাপত্তা ব্যবস্থা একেবারেই নেই এবং অতিরিক্ত শ্রমিকদের গাদাগাদি করে তোলা হয়। বৃষ্টি, রোদ কিংবা ঝড়ের মধ্যেও শ্রমিকদের এভাবে খোলা লরিতে যাতায়াত করতে হয়।
কৃষ্ণ দাস, গৌরি তাঁতী, শ্যাম কানু, বিলাল উদ্দিনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা মানুষ পরিবহন নয়, যেন মালা বহন করা হচ্ছে। শিশু, বৃদ্ধ, নারী—সবাইকে একসঙ্গে খোলা লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কোনও দুর্ঘটনা ঘটলে কে দায় নেবে? প্রশ্ন তোলেন তাঁরা। দীর্ঘদিন ধরে এই অনিয়ম চলছে। বাগান কর্তৃপক্ষ খরচ কমাতে এই অনিরাপদ পদ্ধতি অবলম্বন করেছেন। শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার কোনও খেয়ালই করা হচ্ছে না বলে তাঁরা জানান। পরিবহন বিভাগ, স্থানীয় প্রশাসন ও শ্রম দফতর ও উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালার দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের দাবি, অবিলম্বে মালবাহী লরিতে শ্রমিক পরিবহন বন্ধ করে যাত্রীবাহী বাস বা অনুমোদিত নিরাপদ যানবাহনের ব্যবস্থা করতে হবে। একইসঙ্গে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি উঠেছে।
