ওয়েবডেস্ক। ৪ জুন
বরাক উপত্যকার মধ্যবর্তী পাঁচগ্রামে হাইকোর্টের বেঞ্চ স্থাপন করা হোক। গুয়াহাটিতে যাতায়াতের ভোগান্তি ও ব্যয়ের চাপ তুলে ধরে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানাল বরাকভ্যালি লয়ার্স কো-অর্ডিনেশন কমিটি। বিচার ব্যবস্থায় সাধারণ মানুষের ন্যায়বিচার সহজ করার লক্ষ্যে বৃহস্পতিবার পাঁচগ্রামে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে আইনজীবী শ্রীভূমি বার অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুলবারী চৌধুরী, দুলুরঞ্জন দাস, সম্পাদক সহ অন্যরা বলেন, বরাক উপত্যকার কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার মানুষদের বিচার সংক্রান্ত বিভিন্ন কাজে বারবার গুয়াহাটিতে যেতে হয়। এতে সময়, অর্থ এবং শারীরিক পরিশ্রম—সব ক্ষেত্রেই সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতে হয়।
দীর্ঘ দূরত্ব, যাতায়াতের অসুবিধা এবং অনেক সময় বেহাল রাস্তার কারণে মামলা-মোকদ্দমার কাজে গুয়াহাটি যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে। বিশেষ করে দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য এই ব্যয় বহন করা বড়ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়।
লয়ার্স কো-অর্ডিনেশন কমিটির সদস্য তথা আইনজীবী গৌতম ঘোষ, ফখরুল ইসলাম বড়ভূঁইয়া বলেন, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। কিন্তু বর্তমান ব্যবস্থায় বরাক উপত্যকার মানুষকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। তাই এখানে একটি হাইকোর্ট বেঞ্চ স্থাপন এখন সময়ের দাবি।
তারা আরও জানান, দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বিচার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা হয়েছে। একইভাবে বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হলে বিচার প্রক্রিয়া আরও দ্রুত হবে এবং সাধারণ মানুষের উপর চাপ অনেকটাই কমবে।
সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এই দাবিকে সামনে রেখে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গণস্বাক্ষর অভিযান, স্মারকপত্র প্রদান এবং প্রশাসনিক পর্যায়ে ধারাবাহিকভাবে দাবি তোলার কর্মসূচি অন্তর্ভুক্ত থাকবে।
সংগঠনের পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে, যাতে বরাক উপত্যকার দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়িত হয়। উপস্থিত ছিলেন আইনজীবী রুকন উদ্দিন বড়ভূঁইয়া, অমৃতা জৈন, তরুণ চক্রবর্তী, নমিতা দেবনাথ সহ অন্যরা।

error: Content is protected !!