আইজল। ১০ আগস্ট
মিজোরামের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে বড় পদক্ষেপ নিল রাজ্যের পর্যটন দফতর। শনিবার আইজলে ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি)-এর সঙ্গে দুই বছরের জন্য মউ স্বাক্ষর করল মিজোরাম সরকার। এই চুক্তিতে সই করেন রাজ্যের পর্যটন দফতরের যুগ্ম পরিচালক লালথাকিমি পাচুয়াউ এবং আইআরসিটিসি গুয়াহাটির চিফ রিজিওনাল ম্যানেজার আরএন রানমুং।
এই অংশীদারিত্বের মূল উদ্দেশ্য হল মিজোরামের পর্যটন অবকাঠামো উন্নত করা, নতুন ভ্রমণ পরিকল্পনা তৈরি, প্রচার বাড়ানো এবং পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ ও আকর্ষণীয় করে তোলা। যৌথ প্রচার অভিযান, সুবিধাজনক ভ্রমণ ব্যবস্থাপনা, কাস্টমাইজড ট্যুর প্যাকেজ এবং পর্যটক আকর্ষণে নানা কৌশলগত পদক্ষেপ নেওয়া হবে।
আইআরসিটিসির সারাদেশব্যাপী নেটওয়ার্ক ও পর্যটন ব্যবস্থাপনায় অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হবে মিজোরামের অনন্য সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য। আগামী সেপ্টেম্বরের মধ্যে আইজলকে রেলপথে সংযুক্ত করার পরিকল্পনার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরই পাশাপাশি অক্টোবর থেকে মিজোরামে বিশেষ পর্যটন ট্রেন চালু করার ঘোষণা দিয়েছে আইআরসিটিসি।
চুক্তি অনুযায়ী, শুধু বাইরের পর্যটক নয়, মিজোরামের বাসিন্দাদের জন্যও সাশ্রয়ী মূল্যের দেশজুড়ে ভ্রমণ প্যাকেজের ব্যবস্থা থাকবে। এই উদ্যোগ মিজোরামের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এটি টেকসই পর্যটনকে উৎসাহ দেবে, স্থানীয় কর্মসংস্থান বাড়াবে এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও গভীর করবে।
