দ্বারকা। ১০ আগস্ট
বিশ্ব সিংহ দিবসে এশীয় সিংহ সংরক্ষণে ভারতের সাফল্যকে ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। রবিবার গুজরাটের দেবভূমি দ্বারকা জেলায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, ২০২০ সালে যেখানে সিংহের সংখ্যা ছিল ৬৭৪, ২০২৫-এ তা বেড়ে হয়েছে ৮৯১।
মন্ত্রী বলেন, এশীয় সিংহ বিশ্বজুড়ে সফল বন্যপ্রাণ সংরক্ষণের প্রতীক। ১৯৯০ সালে সংখ্যা ছিল মাত্র ২৮৪, আজ তা বেড়ে ৮৯১-এ পৌঁছেছে। ২০২০ থেকে বৃদ্ধি ৩২ শতাংশ এবং গত এক দশকে ৭০ শতাংশেরও বেশি।
ভূপেন্দ্র যাদবের কথায়, ‘আজ বিশ্বের কোথাও যদি এশীয় সিংহ থাকে, তবে তা একমাত্র গুজরাটের গিরে। আমাদের ধারাবাহিক সংরক্ষণ প্রচেষ্টা গত দশকে সিংহের সংখ্যা দ্বিগুণ করেছে, যা গোটা বিশ্বের জন্য উদাহরণ।’
তিনি গুজরাটের গির অভয়ারণ্য, রাজ্য সরকারের কাজ ও মালধারী সম্প্রদায়সহ স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রাকে বন্যপ্রাণ সংরক্ষণের আদর্শ মডেল হিসেবে তুলে ধরেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন ও পরে প্রধানমন্ত্রী হিসেবে ‘প্রজেক্ট লায়ন’-কে অগ্রাধিকার দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, শিকার ও আবাসস্থল সংকটের কারণে একসময় বিলুপ্তির মুখে থাকা এই এশীয় সিংহ কেবল গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে পাওয়া যায়। আফ্রিকান সিংহের তুলনায় এরা আকারে ছোট, পুরুষদের কেশর কম ঘন এবং পেটের অংশে বিশেষ ভাঁজ রয়েছে। অনন্য জিনগত বংশধারা, বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সাংস্কৃতিক প্রতীক হিসেবে এদের সংরক্ষণ অপরিহার্য।
