| স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরের প্রশংসা করায় কেরলের এক স্থানীয় সিপিআই নেতা শুহাইব মহম্মদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, তাঁর বক্তব্য নাকি দলের আদর্শ ও ঐতিহাসিক অবস্থানের বিরোধী। আর এমনই অজুহাত দেখিয়ে ওই কড়া পদক্ষেপ নিয়েছেন বাম দলটির কেরল শাখার নেতৃত্ব। কেরলের আলাপ্পুঝা জেলার সিপিআইয়ের ভেনমনি স্থানীয় কমিটির সম্পাদক শুহাইব মহম্মদ সম্প্রতি সাভারকরকে ‘অসাধারণ দেশপ্রেমিক’ এবং ‘ভারতের স্বাধীনতা আন্দোলনের সাহসী যোদ্ধা’ বলে উল্লেখ করেন। শুহাইব আরও বলেন, ‘সাভারকরের অবদান ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।’ ওই বামপন্থী নেতার কথায়, ‘ইতিহাসের ছাত্ররা দেশের স্বাধীনতার জন্য সাভারকরের সংগ্রামকে উপেক্ষা করতে পারে না। সাভারকরের মতো ত্যাগ কোনও কংগ্রেস নেতা করেননি।’ শুহাইব আরও বলেন, ‘এই মন্তব্য করার জন্য আমাকে বিজেপির লোক বলা বলা হলেও আপত্তি নেই। জেলে সাভারকরকে ভারী জিনিসের সাথে বেঁধে রাখা হয়েছিল। তাঁকে নানা ধরণের নির্যাতনের শিকার হতে হয়েছিল। এমন পরিস্থিতিতেও, তিনি সহ-বন্দীদের হৃদয়ে দেশপ্রেম এবং জাতীয়তাবাদের আদর্শ ছড়িয়ে দিয়েছিলেন। তিনি ১৪ বছর কারারুদ্ধ ছিলেন। সাভারকর ছোটখাটো কোনও ব্যক্তিত্ব ছিলেন না; তিনি কংগ্রেস নেতাদের চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছিলেন।’ শুহাইবের ওই মন্তব্য ছড়িয়ে পড়তেই দলীয় নেতৃত্বের মধ্যে অস্বস্তি দেখা দেয়। এক বিবৃতিতে কেরলের সিপিআই নেতৃত্ব জানায়, স্বাধীনতা আন্দোলনে সাভারকরের ভূমিকা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তারা দলীয়ভাবে বহু বছর ধরে সাভারকরের হিন্দুত্ববাদী মতাদর্শের বিরোধিতা করে এসেছে। এই প্রেক্ষিতে শুহাইব মোহাম্মদের মন্তব্যকে ‘আদর্শবিরোধী’ ও ‘শৃঙ্খলাভঙ্গ’ হিসেবে দেখা হয়েছে। অবশ্য কেরলের বিজেপি নেতৃত্ব শুহাইবের বক্তব্যকে স্বাগত জানিয়েছে। দলের এক মুখপাত্রের বক্তব্য, ‘অবশেষে বাম শিবিরের ভিতর থেকেও সত্যি কথাটা বেরোচ্ছে। সাভারকর ভারতের স্বাধীনতা সংগ্রামে অমোঘ ভূমিকা রেখেছিলেন, যা অস্বীকার করার নয়।’ একইসঙ্গে তিনি সিপিআই-এর সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক’ বলেও সমালোচনা করেছেন। |
