এক সাঁড়াশি অভিযান চালিয়ে হাইলাকান্দি পুলিশ সন্দেহভাজন ২৭ অপরাধীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে পুলিশ। শনিবার গোটাদিন এনিয়ে হাইলাকান্দি জেলার থানাগুলো ছিল সরগরম। জানা গেছে, রাজ্যের গৃহ দফতরের জ্ঞাতসারে চোরের উপদ্রব রোধে বিশেষ পদক্ষেপ নিয়ে জেলা পুলিশ পরিকল্পিতভাবে চোর পাকড়াও অভিযানে নেমেছিল। জেলার ৭টি থানার পুলিশ শুক্রবার গোটা রাত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মোট ২৭জনকে থেকে তুলে আনে। এরপর ধৃতদের থানার ওসি এমর্মে জিজ্ঞাসাবাদ করে জবানবন্দি নথিভুক্ত করেন। এদিন ভোর থেকে জেলার সবক’টি থানার পুলিশকর্মীদের ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। হাইলাকান্দি পুলিশেরচোর পাকড়াও অভিযানের ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশসুপার বি শইকিয়া বলেন, অভিযান চালিয়ে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ২৭ সন্দেহভাজন চোরকে গ্রেফতার করা হয়েছে। অবশ্য ধৃতদের গ্রেফতার করার আগে তাদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট ৩টি গাড়ি, একটি ইনভা৴টার সহ অন্যান্য প্রচুর সামগ্রী জব্ধ করেছে বলে জানান এএসপি। ধৃতদের পুলিশ এদিন সন্ধ্যায় আদালতে সোপর্দ করেছে। এএসপি শইকিয়া আরও জানান যে, লালা থানার পুলিশ ৪জন, কাটলিছড়া পুলিশ ১জন, হাইলাকান্দি পুলিশ ১২ জন, রামনাথপুর পুলিশ ৪ জন, আলগাপুর পুলিশ ৩ জন এবং পাঁচগ্রাম পুলিশ ৩ জন চোরকে গ্রেফতার করেছে। সবমিলিয়ে মোট ২৭জন চোরকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। এভাবে একরাতে এত বেশি সংখ্যক অপরাধীকে গ্রেফতারের ঘটনায় হাইলাকান্দি জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গত কিছুদিন থেকে হাইলাকান্দির গ্রাম-শহরে চুরির হিড়িক পড়েছিল। গরু-ছাগল, মোটর সাইকেল, জলের মোটর ইত্যাদি ব্যাপকভাবে চুরি হচ্ছিল। এনিয়ে ভুক্তভোগী মানুষ পুলিশের কাছে বার বার অভিযোগ দায়ের করছিলেন। শেষমেশ পুলিশ সাঁড়াশি অভিযানে নেমে ২৭ চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশের এই পদক্ষেপকে জেলার বিভিন্ন মহল থেকে সাধুবাদ জানানো হয়েছে৷
