ওয়েবডেস্ক। ৯ জুন
অসম-মিজোরাম সীমান্ত এলাকার ভাইরেংটি এক্সাইজ গেট সংলগ্ন ৩০৬ নং শিলচর–আইজল জাতীয় সড়কে ভূমিধস। পাহাড়ি এলাকায় মাটি ধসে পড়ায় বিপাকে গাড়ি চালকরা। মঙ্গলবার দুপুরে প্রবল বৃষ্টিপাতে ভূমিধসে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এলাকায়।
জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের একাংশ এলাকা ভেঙে সড়কের উপর পড়ে গেলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মিজোরাম ও অসমের উদ্দেশ্যে চলাচল শত শত যানবাহন আটকে পড়েছে জাতীয় সড়কের দুই পাশে। ভাইরেংটি এক্সাইজ গেটের পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৫ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি লেগে যায়।
আটকে পড়া ট্রাক চালকদের একাংশ জানান, দীর্ঘ সময় ধরে সড়কে আটকে থাকায় তাঁরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ভূমিধসের কারণে যান চলাচল বন্ধ থাকায় নির্ধারিত সময়ে গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে পণ্য পরিবহণেও বিঘ্ন ঘটছে। অনেক চালক জানান, বর্ষাকালে এসব পাহাড়ি এলাকায় প্রায়ই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, যার কারণে তাঁদের নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়।
স্থানীয়দের মতে, বর্ষা মরসুমে এসব পাহাড়ি এলাকায় প্রায় প্রতি বছরই একাধিকবার ভূমিধসের ঘটনা ঘটে। ফলে গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হয়। খবর লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধসে পড়া মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে বিভাগীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ৩০৬ নং শিলচর–আইজল জাতীয় সড়ক অসম ও মিজোরামের মধ্যে অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম। তাই এই সড়কে ভূমিধসের ঘটনা ঘটলে দুই রাজ্যের মধ্যে যাত্রী ও পণ্য পরিবহণে ব্যাপক প্রভাব পড়ে। সীমান্ত এলাকায় ভূমিধস বাণিজ্যিক ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। এ নিয়ে উভয় রাজ্য সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গাড়ি চালক সহ ব্যবসায়ীরা।

error: Content is protected !!