ওয়েবডেস্ক। ১৪ জুলাই
হাফলং শহরের বিভিন্ন এলাকাজুড়ে আবর্জনার পাহাড়। অনেক জায়গায় ডাস্টবিন পর্যন্ত নেই। বিশেষ করে মহাদেবটিলা পয়েন্ট বয়েজ স্কুলের প্রবেশপথ সহ বিভিন্ন জায়গায় আবর্জনা উপচে পড়ছে। আর সেই আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। পথ চলতি মানুষ নাকে রুমাল চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন। বয়েজ স্কুলের সামনেও নেই ডাস্টবিন। সেই আবর্জনা জমে পরিবেশ দূষিত করছে। ফলে পর্যটন শহরের বিভিন্ন এলাকাজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এসব দেখেও কুম্ভনিদ্রায় হাফলং পুরসভা। এ অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।
স্পর্শ্বকাতর বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী সমাজ সহ পথচলতি মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ক্রমশ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনার কারণে এলাকায় চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে, পড়ুয়াদের বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি। সঙ্গে আশপাশের দোকানি, অটোচালক ও সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্গন্ধ ও নোংরা পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে দিনভর। এতে জনস্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
তাঁদের মতে, সামাজিক স্বার্থে ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা পুরসভার দায়িত্ব। কিন্তু পুরসভা সেই দায়িত্ব পালনে সম্পূ্র্ণ ব্যর্থ। এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত দুর্গন্ধযুক্ত ওই আবর্জনা অপসারণের পাশাপাশি নিয়মিত বর্জ্য সংগ্রহের ব্যবস্থা করার জন্য হাফলং পুর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
