ওয়েবডেস্ক। ২০ সেপ্টেম্বর
ডিমা হাসাও জেলার দূরবর্তী এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে উদ্যোগী হল হাফলংস্থিত আসাম রাইফেলস। আসাম রাইফেলস সিভিক অ্যাকশন প্রোগ্রাম ২০২৬-২৭-এর আওতায় গত শনিবার ডিমা হাসাও জেলার লাইসঙে দ্বিতীয় পর্যায়ের একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। লাইসঙ, লেইকে এবং সংলগ্ন গ্রামের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই ছিল এই শিবিরের মূল উদ্দেশ্য।উল্লেখ্য, এর আগেও গত ৭ সেপ্টেম্বর হাজাইচাকে প্রথম পর্যায়ের চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। ওই শিবিরে হাজাইচাক, হেরেলিও এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের চিকিৎসা পরিষেবা প্রদান করেছিল আসাম রাইফেলস।দুই পর্যায়ের চিকিৎসা শিবিরে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা, বিভিন্ন ছোটখাটো রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি, স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, স্যানিটেশন এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতা কর্মসূচিও আয়োজন করা হয়।দুই পর্যায় মিলিয়ে প্রায় ৫০০ জন গ্রামবাসী এই চিকিৎসা শিবিরের মাধ্যমে উপকৃত হয়েছেন বলে জানা গিয়েছে।চিকিৎসা পরিষেবা পাওয়ায় স্থানীয় বাসিন্দারা আসাম রাইফেলসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডিমা হাসাও জেলার প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ চালিয়ে যাওয়ার জন্যও তাঁরা আসাম রাইফেলসের প্রশংসা করেন।এদিকে, আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রিচিং আউট, ক্যারিং অ্যান্ড সারভিং’—এই ভাবনাকে সামনে রেখে প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এই ধরনের উদ্যোগের মাধ্যমে ডিমা হাসাও জেলার মানুষের সঙ্গে আসাম রাইফেলসের আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।
