ওয়েবডেস্ক। ১৭ জুন
কাঁঠাল রোড সংলগ্ন পূর্ব চন্দ্রপুর এলপি স্কুলের ছাত্রছাত্রীরা ও শিক্ষক-শিক্ষিকারা স্কুলে যেতে পারছেন না। বুধবার স্কুলের সময় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের স্কুলে যাওয়ার রাস্তায় বাধা সৃষ্টি করেন স্কুল সংলগ্ন এক পরিবারের সদস্যরা। রাস্তা না দেওয়াকে কেন্দ্র করে এদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও স্থানীয় মানুষের সঙ্গে তুমুল ঝগড়া বিবাদের পরও স্কুলের রাস্তায় যেতে দেওয়া হয়নি। ফলে এদিন স্কুল সংলগ্ন রাস্তার পাশেই আম গাছের নিচে ছাত্র-ছাত্রীদের ক্লাস নিলেন শিক্ষক শিক্ষিকারা। স্কুল পরিচালন কমিটির সভাপতি পরিমল দাস জানালেন, স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই সেই রাস্তা দিয়ে স্কুলের পড়ুয়ারা যাওয়া আসা করেন। কিন্তু ইদানিং একটি পরিবার সেই রাস্তায় ব্যবহারে বাধা সৃষ্টি করে যাচ্ছে। এছাড়া তারা স্থানীয়দের উপরও মিথ্যা মামলা দায়ের করে বিভিন্নভাবে দাপট সৃষ্টি করে যাচ্ছে। এই অবস্থাতে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে না পারায় অভিভাবকরা চিন্তায় পড়েছেন। তিনি জানালেন,
স্কুলের রাস্তার জন্য শঙ্খ দাস, রিঙ্কু দাস ও টিংকু দাসরা মিলে প্রয়োজনীয় জমি দিয়েছেন। কিন্তু প্রতিবেশী সঞ্জয় দাস, সিধু দাস আশীষ দাসরা কোনও মতেই সেই রাস্তায় ছাত্র-ছাত্রীদের যেতে দিচ্ছেন না।
এদিকে স্থানীয়রা এই ঘটনায় প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা এদিন জানালেন শীঘ্রই তারা জেলাশাসক, সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে দেখা করে এই সমস্যার কথা জানাবেন। শীঘ্রই সমাধান না হলে পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সুস্থ সামাজিক পরিবেশ বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন।
