ওয়েবডেস্ক। ১৬ জুন
শ্রীকোণা সরকারি আইটিআই ক্যাম্পাস পরিদর্শন করলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। মঙ্গলবার ওই শিক্ষা প্রতিষ্ঠানে গেলে কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়।
পরে বিধায়ক প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ, শ্রেণিকক্ষ, ছাত্রাবাস, পানীয়জলের ব্যবস্থা সহ অন্যান্য পরিকাঠামো ঘুরে দেখেন। পরিদর্শনকালে অধ্যক্ষ, ইনস্ট্রাক্টর ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন সমস্যার বিষয় তাঁর নজরে আনেন।
তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর অভাব, শ্রেণিকক্ষের সংকট, পানীয়জলের অপ্রতুলতা, ছাত্রাবাসের নানা সমস্যা এবং জীর্ণ পরিকাঠামোর কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে কারিগরি শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাঁরা জানান।
উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত শ্রীকোণা সরকারি আইটিআই জেলার অন্যতম প্রাচীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিষ্ঠানের একাধিক ভবন বর্তমানে দুব৴ল অবস্থায় পড়ে রয়েছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।
সমস্ত বিষয় গুরুত্ব সহকারে পর্যালোচনা করে বিধায়ক কিশোর নাথ শিক্ষার্থী ও শিক্ষক মহলকে আশ্বস্ত করেন যে, তিনি বিষয়টি রাজ্য সরকারের নজরে আনবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমস্যাগুলির দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।
বিধায়ক বলেন, কারিগরি শিক্ষার উন্নয়ন রাজ্যের অগ্রগতির অন্যতম ভিত্তি। শিক্ষার্থীরা যাতে আধুনিক ও উন্নত পরিবেশে শিক্ষা গ্রহণ করতে পারে, সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
বিধায়কের এই আশ্বাসে শিক্ষার্থী ও শিক্ষক মহলের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাঁদের আশা, দীর্ঘদিনের সমস্যাগুলির দ্রুত সমাধান হলে শ্রীকোণা সরকারি আইটিআই আবারও একটি আধুনিক ও মানসম্মত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
