ওয়েবডেস্ক। ১৬ জুন
নরসিংপুর শিক্ষা খণ্ডের নর্থ আরাধনপুর আপগ্রেডেড এলপি স্কুলে অনুষ্ঠিত হল সম্প্রীতি ভোজন। এটি আসাম সরকারের সমগ্রশিক্ষার অধীনে পিএম পোষণ কর্মসূচির একটি অংশ। বিশেষ সামাজিক অনুষ্ঠান, যার মূল উদ্দেশ্য হল— সম্প্রদায় ও বিদ্যালয়ের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা। শিশুদের ফলমূল, মিষ্টি, ডিম বা স্ন্যাকস জাতীয় অতিরিক্ত পুষ্টিকর খাবার প্রদান করা হয়। এতে স্থানীয় সমাজসেবী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী সহ বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। এদিন কচিকাঁচারা সংগীত, নৃত্য পরিবেশন ও কবিতা আবৃত্তি করে।
সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সম্প্রীতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক জালাল উদ্দিন লস্কর বলেন, সরকারের এই উদ্যোগ পড়ুয়া, অভিভাবক সহ স্থানীয়দের মধ্যে ঐক্যবদ্ধ ও সম্প্রীতি বজায় রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জনপ্রতিনিধি সহ অভিভাবকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অনুষ্ঠানে স্কুলের কিছু সমস্যার কথা তুলে ধরেন প্রধান শিক্ষক।
শিক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েত সভাপতি পৃথীশ চন্দ্র দাস।
তিনি বলেন, শিশুদের প্রাথমিকস্তরে গুণগত শিক্ষা প্রদান করতে হবে। শিক্ষার পাশাপাশি শিশুদের সংস্কারি করে তোলার আহ্বান জানান তিনি। অভিভাবকদেরও বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার বিকাশে সচেষ্ট থাকার আহ্বান জানান জিপি সভাপতি পৃথীশ চন্দ্র দাস। পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের আশ্বাস দেন তিনি।
বক্তব্য রাখেন বিধায়ক অমিয়কান্তি দাসের প্রতিনিধি বিপুল কুমার দাশ, জিপির উপ সভানেত্রী রূপালি দাশ প্রমুখ। উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সভানেত্রী রায়না বেগম বড়ভূঁইয়া, শিক্ষক দেবতোষ পুরকায়স্থ, চান্নিঘাট জিপির এপি সদস্যার প্রতিনিধি সুদীপ বিশ্বাস, সমাজসেবী আক্তার হোসেন লস্কর, ধলাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস, অমিত দাশ প্রমুখ।
