ওয়েবডেস্ক। ১৬ জুন
মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বাগান শ্রমিকদের জন্য ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বাগান শ্রমিকদের দৈনিক হাজিরা ২৫৮ টাকা করা হয়েছে। বিভিন্ন বাগানে মডেল স্কুলও নির্মাণ করা হয়েছে। শ্রমিকদের জমির পাট্টাও দেওয়া হয়েছে৷ শ্রমিকদের কল্যাণে নানা কাজকম৴ অব্যাহত রেখেছে সরকার৷ মঙ্গলবার দুপুরে টিকলপারে আয়োজিত সংবধ৴না অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা৷ এদিন বিধায়ককে সংবর্ধনা জানান হ্যাপিভ্যালি সার্কলের বাগান পঞ্চায়েত ও চা শ্রমিকরা। টিকলপার চা-বাগানের জগন্নাথ স্কিল সেন্টার ও কমিউনিটি হলে ড. শ্যামাপ্রসাদ মুর্খাজি, দীনদয়াল উপাধ্যায় ও ভারতমাতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা হয়।
সিতু কালিন্দীর পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে হ্যাপিভ্যালি সার্কলের বাগান পঞ্চায়েত ও চা শ্রমিকদের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে তাঁর হাতে মানপত্র তুলে দেওয়ার পাশাপাশি টিকলপার চা-বাগান এলপি স্কুলের দুই খুদে পড়ুয়া বিধায়ককে পদ্মফুল দিয়ে তাকে সংবর্ধনা জানায়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, উধারবন্দের জনগণ রেকর্ড সংখ্যক ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছেন। শুধু উধারবন্দ নয়, সমগ্র অসমে ইতিহাস সৃষ্টি হয়েছে। ১২৬টির মধ্যে ১০২টি আসনেই জয় সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমূলক কাজের জন্য। এদিন তিনি শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত ব্যবস্থা সহ রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন খতিয়ান তুলে ধরেন। বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাগান শ্রমিকদের জন্য ইতিমধ্যেই বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে। বাগান শ্রমিকদের দৈনিক হাজিরা ২৫৮ টাকা করা হয়েছে। বিভিন্ন বাগানে মডেল স্কুল নির্মাণ করা হয়েছে। শ্রমিকদের জমির পাট্টা প্রদান করা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকার গঠনের পর প্রথম অধিবেশনে ইউসিসি বিল পাস করা হয়েছে। তিনি বলেন, অনেকে জানেন না এই ইউসিসি বিল কার জন্য আনা হয়েছে৷ মূলত মহিলাদের ক্ষেত্রে সম-অধিকারের জন্য এই বিলটি আনা হয়েছে। আগামী ৫ বছর উধারবন্দের প্রতিটি মানুষের উন্নয়নে কাজ করে যাবেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, শ্রমিকদের কল্যাণে তৎপর রয়েছে সরকার৷
এদিনের সভায় উপস্থিত ছিলেন শালগঙ্গা ও উধারবন্দ জেলা পরিষদ সদস্য দিপ্তী শুক্লবৈদ্য ও রোহিত সিং, উধারবন্দ ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুমন কেওট, শালগঙ্গা জিপি সভানেত্রী এস লাখি চৌধুরী, বরাক চা শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক ক্ষিরোদ কর্মকার ও সুরেশ বড়াইক সহ উধারবন্দ নির্বাচন চক্রের বাগান সভাপতিরা ও অন্যরা।

error: Content is protected !!