ওয়েবডেস্ক। ১৬ জুন
বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিকে জোরালো করতে বড়খলায় অনুষ্ঠিত হল সচেতনতা সভা ও গণস্বাক্ষর অভিযান। মঙ্গলবার বিকেলে বড়খলা বাজার সংলগ্ন সেডো কমিউনিটি সেন্টারে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, শিক্ষাবিদ, আইনজীবী, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বিশেষভাবে স্থানীয় মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।
হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটি, কাছাড় জেলা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় বিকেল ৫টায় সচেতনতা সভার মাধ্যমে। সভায় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ধ্রুবকুমার সাহা, উপদেষ্টা ও বিজেপি নেতা উদয়শঙ্কর গোস্বামী, শিক্ষাবিদ বিভাস দেব, সমাজসেবী রসরাজ দাস, আইনজীবী ধর্মানন্দ দেব এবং আইনজীবী তুহিনা শর্মাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন স্বপন দেব। তিনি বলেন, বরাক উপত্যকায় হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবি সময়োপযোগী ও ন্যায়সঙ্গত। বিচারপ্রাপ্তির সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে এই দাবি বাস্তবায়ন জরুরি।
সভাপতির বক্তব্যে ধ্রুবকুমার সাহা বলেন, বরাক উপত্যকার প্রায় ৪০ লক্ষ মানুষের বিচার সংক্রান্ত প্রয়োজনে গুয়াহাটি যেতে হয়, যা সাধারণ মানুষের জন্য সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ফলে বিচারপ্রাপ্তির ক্ষেত্রে নানা বাস্তব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তাই বরাকে একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।
বিজেপি নেতা উদয়শঙ্কর গোস্বামীও দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, দূরবর্তী গুয়াহাটিতে বিচার সংক্রান্ত কাজে যাতায়াতের কারণে সাধারণ মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হয়। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
আইনজীবী ধর্মানন্দ দেব তাঁর তথ্যসমৃদ্ধ উপস্থাপনায় হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার ঐতিহাসিক ও আইনগত প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি ফোর্ট উইলিয়াম কোর্ট থেকে শুরু করে শিলং ও গৌহাটি হাইকোর্টের বিকাশের ইতিহাস নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ১৯৭২ সালে জেলা বার অ্যাসোসিয়েশনের প্রস্তাব এবং ২০১৮ সালে গৌহাটি হাইকোর্ট প্রকাশিত একটি গ্রন্থে এই দাবির উল্লেখ থাকার বিষয়টিও তুলে ধরেন।
তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, মামলার সংখ্যা এবং বিচারপ্রার্থীদের দুর্ভোগ বিবেচনায় বরাক উপত্যকায় একটি স্থায়ী হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজনীয়। দেশের বিভিন্ন প্রান্তে হাইকোর্ট বেঞ্চ থাকলেও বরাকের দীর্ঘদিনের দাবি এখনও বাস্তবায়িত হয়নি।
সভায় শিক্ষাবিদ বিভাস দেব, সমাজসেবী রসরাজ দাসসহ অন্যান্য বক্তারাও এই দাবির প্রতি সমর্থন জানিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তাঁদের মতে, এটি রাজনৈতিক কোনও দাবি নয়, বরং বিচারপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একটি জনস্বার্থমূলক আন্দোলন। আইনজীবী তুহিনা শর্মা সভা পরিচালনা করেন। সমাপনী পর্বে ধন্যবাদজ্ঞাপন করেন বিজেপি নেতা পিনাক দাস।
সভা শেষে আয়োজিত গণস্বাক্ষর অভিযানে সমাজের বিভিন্নস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। আয়োজকদের দাবি, এদিন দু’শতাধিক মানুষ হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার দাবির সমর্থনে স্বাক্ষর করেন।
হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে আগামীদিনেও ধারাবাহিকভাবে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে৷
