ওয়েবডেস্ক। ১০ জুন
বদরপুর রেল স্টেশনে বড় সাফল্য পেল জিআরপি পুলিশ। বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ নিলামবাজার এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বদরপুর রেল পুলিশ। জেরায় মিলল বহু চাঞ্চল্যকর তথ্যও।
মঙ্গলবার গভীর রাতে বদরপুর রেল স্টেশনে বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে আটক করেছে বদরপুর জিআরপি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ১১টা ২০ মিনিটে সাইরং-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশ করার সময় ১ নম্বর প্ল্যাটফর্মে এক সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশ দলকে দেখতে পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে স্থানীয় মানুষের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ২২টি সাবানের কৌটার ভেতরে লুকিয়ে রাখা ব্রাউন সুগার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট ওজন ২৭৯.২১ গ্রাম বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তি ৪১ বছরের মহম্মদ তাজ উদ্দিন। সে শ্রীভূমি জেলার নিলামবাজার থানার অন্তর্গত মালিয়া গ্রামের বাসিন্দা এবং আব্দুল্লাহর পুত্র। এনডিপিএস আইনের সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
