ওয়েবডেস্ক। ১০ জুন
দীর্ঘ ৩৬ বছর ধরে গ্রাহকদের নিরলস পরিষেবা দিয়ে আসা ছোটমামদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) শাখা কার্যালয় অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। শাখাটি যাতে বর্তমান অবস্থানেই বহাল থাকে, সেই দাবিতে বুধবার সকালে ব্যাংকের সামনে এক ধরনা কর্মসূচি পালন করেন তাঁরা। গ্রাহকদের এই বিক্ষোভের জেরে ঘণ্টার পর ঘণ্টা ব্যাংকের কাজকর্ম ব্যাহত হয় এবং পরিষেবা পুরোপুরি বন্ধ থাকে।
জানা গেছে, গত ৩৬ বছর ধরে ছোটমামদায় যে ভবনে ব্যাংকের কাজকর্ম চলছে, সেটি পর্যাপ্ত না হওয়ায় কর্তৃপক্ষ ইতিমধ্যে পাশের একটি ভবন নির্বাচন করে। ব্যাংক কর্তৃপক্ষ মালিককে নিয়মমাফিক ভবনটি নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিলেও নানা অজুহাতে কাজ সম্পন্ন করতে ব্যর্থ হন। এরই মধ্যে ব্যাংকের ওই শাখা কার্যালয় ছোটমামদা থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা।
একইসঙ্গে এদিন সকালে ব্যাংকের সামনে পুরুষ ও মহিলা গ্রাহকরা একজোট হয়ে ধরনায় বসেন। আন্দোলনকারী গ্রাহকদের স্পষ্ট দাবি, ব্যাংক গ্রাহকদের সুবিধার্থেই নিয়োজিত। বর্তমান স্থানটি সবদিক দিয়ে সুরক্ষিত এবং তেমাথা থাকায় বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা ও পার্কিংয়ের ক্ষেত্রে কোনও সমস্যা হয় না।
পক্ষান্তরে, ব্যাংকটি যে স্থানে সরিয়ে নেওয়ার কথা চলছে সেখানে সার্বিক পরিকাঠামোর অভাব রয়েছে। ব্যস্ততম সড়কের পাশে ভবনটি থাকায় সেখানে পার্কিংয়ের তীব্র সমস্যা, যোগাযোগ ব্যবস্থার অবনতি এবং দুর্ঘটনার আশঙ্কা করছেন গ্রাহকরা। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুরক্ষার কথা বিবেচনা করে, বর্তমান ভবনের সমস্যাগুলো দূর করে পাশেই কার্যালয়টি বহাল রাখার আবেদন জানিয়েছেন তাঁরা।
বিক্ষোভ শেষে গ্রাহকরা এ সংক্রান্ত একটি স্মারকপত্রও তুলে দেন ব্যাংক ম্যানেজারের হাতে। তবে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে রয়েছে জানিয়ে ব্যাংক ম্যানেজার আর কোনও আশ্বাস দিতে পারেননি বলে জানান গ্রাহকরা। প্রটোকলের দোহাই দিয়ে এ সংক্রান্ত প্রশ্নের পাস কাটিয়ে যান তিনি।
