ওয়েবডেস্ক। ৭ জুন
লক্ষীপুরের ৩৭নং জাতীয় সড়কের চিরিপুল অংশ বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তা সংলগ্ন একাধিক সিমেন্ট ও অন্যান্য পণ্যের গোদাম থাকায় সেখানে মণিপুরগামী পণ্যবোঝাই লরিগুলো সড়কের পাশজুড়ে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে। আর এতে স্বাভাবিকভাবেই সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় চরম আতঙ্কের মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় সব ধরনের যানবাহন।
চিরিপুল এলাকায় বেশ কয়েকটি বড় বড় গোদাম রয়েছে। যেখানে প্রায়ই পণ্যবোঝাই লরি থেকে সামগ্রী লোড এবং আনলোড করা হয়। এই পণ্যসামগ্রী মূলত পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে পাঠানোর জন্য মজুত করা হয়। কিন্তু নিয়ম বহির্ভূতভাবে গোদামের বিপরীতে বা সড়কের একপাশে দীর্ঘ সময় ধরে অধিকাংশ লরি পার্ক করে রাখা হয়। এতে ব্যস্ততম এই জাতীয় সড়কের মূল পরিসর কমে যায়।
তাই যানবাহন চলাচলের জন্য রাস্তার দুই-তৃতীয়াংশ অবরুদ্ধ হয়ে পড়ায় যে কোনও সময় বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল ও পথচারীরা। আগেও এমন পরিবেশের কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় অতীতের পুনরাবৃত্তি এড়াতে অবিলম্বে চিরিপুল এলাকায় রাস্তার ওপর পণ্যবাহী লরি দাঁড় করিয়ে রাখার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও সচেতন বাসিন্দারা। ট্রাফিক নিয়ন্ত্রণ ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশ দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে আরও বড় বিপর্যয়েরও আশঙ্কা করছেন তাঁরা।
