ওয়েবডেস্ক। ৪ জুন
আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশে একাধিক গুরুতর অনিয়মের অভিযোগ তুলে দ্রুত সমাধানের দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকপত্র পেশ করেছে ছাত্র সংগঠন এআইডিএসও। সংগঠনের কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা কমিটির এক প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে গিয়ে এই স্মারকপত্র জমা দেয়।
স্মারকপত্র প্রদানের পর প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অনুপ কুমারের সঙ্গে দীর্ঘসময় আলোচনা করে৷
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি প্রকাশিত সেমিস্টার পরীক্ষার ফলাফল নিয়ে হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্যে ব্যাপক উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। বিভিন্ন কলেজের বহু শিক্ষার্থী অস্বাভাবিকভাবে অত্যন্ত কম নম্বর পেয়েছেন। এমনকি একই ব্যাচের একাধিক শিক্ষার্থীর ক্ষেত্রে হুবহু একই নম্বর—শূন্য, দুই কিংবা চার—প্রাপ্তির ঘটনাও সামনে এসেছে। অথচ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অভ্যন্তরীণ ও সেশনাল মূল্যায়নে ভাল ফল করেছিল বলে দাবি করা হয়েছে।
এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণ করা সত্ত্বেও বহু শিক্ষার্থীর মার্কশিটে নির্দিষ্ট কিছু বিষয়ে ‘অনুপস্থিত’ উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ তুলে ধরা হয়। এর পাশাপাশি ফল প্রকাশের সরকারি অনলাইন পোর্টাল চালু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অচল হয়ে পড়ায় অধিকাংশ শিক্ষার্থী ফলাফল ও মার্কশিট দেখতে পারেননি।
এআইডিএসওর প্রতিনিধিরা বলেন, এ ধরনের পদ্ধতিগত ত্রুটি শিক্ষার্থীদের শিক্ষাজীবন, মানসিক স্থিতি এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই মূল্যায়ন প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পর্যালোচনা, সঠিক নম্বর প্রদান, উপস্থিতি সংক্রান্ত তথ্য সংশোধন, ওয়েবসাইটের আধুনিকীকরণ এবং পুনর্মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করার দাবি জানানো হয়।
স্মারকপত্রে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত দুর্বলতার বিষয়টিও তুলে ধরা হয়। সংগঠনের মতে, প্রয়োজনীয় পরিকাঠামোর অভাবের কারণেই শিক্ষার্থীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। একই সঙ্গে জাতীয় শিক্ষানীতির আওতায় চার বছরের ডিগ্রি কোর্স চালুর সমালোচনা করে তারা দাবি করে যে, প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকাঠামো ছাড়া এই ব্যবস্থা শিক্ষার্থীদের ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে।
আলোচনা শেষে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অনুপ কুমার শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সহানুভূতিশীল মনোভাব প্রকাশ করেন। তিনি জানান, পুনর্মূল্যায়ন প্রক্রিয়া বিনা মাশুলে সম্পন্ন করা হবে এবং ভবিষ্যতে এধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হবে।
এআইডিএসওর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের অসম রাজ্য কাউন্সিলের যুগ্ম সম্পাদক পল্লব ভট্টাচার্য, কাছাড় জেলা সম্পাদক স্বপন চৌধুরী, করিমগঞ্জ জেলা কমিটির সদস্য জয়দীপ দাস ও বাবলী দাস এবং কাছাড় জেলা কমিটির সদস্য তুতন দাস।

error: Content is protected !!