ওয়েবডেস্ক। ৪ জুন
শিলচর ফাটকবাজার, রেলস্টেশন, উধারবন্দ ও সোনাই এলাকায় বুধবার একযোগে অভিযান চালিয়ে সাড়ে ৪ কোটির মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি ৩ মহিলা পাচারকারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উধারবন্দ থানার অধীনে পুলিশ অভিযান চালিয়ে একটি ইন্ট্রা বি-১০ ট্রাক থেকে মোট ৮০১০ বোতল (১০০ মিলি) কোডিন কফসিরাপ এবং ১৫০ প্যাকেট ট্রামাডল ট্যাবলেট (প্রতি প্যাকেটে ১০টি স্ট্রিপ এবং একটি স্ট্রিপে ২৪টি ট্যাবলেট) অর্থাৎ ৩৬,০০০ ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। এ ঘটনায় চালক গিয়াস উদ্দিন লস্করকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি উধারবন্দ দুর্গানগর পঞ্চম খণ্ডে।
শিলচর থানার অধীনে ফাটকবাজার থেকে আজিম উদ্দিন লস্কর ওরফে কালা নামে এক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে ১.৭ লিটার ওজনের হেরোইন ভর্তি মোট ৩৫টি শিশি বাজেয়াপ্ত করা হয়।
এদিকে, শিলচর রেল স্টেশনের কাছে গুলনিহার বেগম লস্কর নামে এক মহিলা মাদক বিক্রেতার কাছ থেকেও ২৯৮ গ্রাম ওজনের হেরোইন ভর্তি ১৫টি সাবানের বাক্স বাজেয়াপ্ত করা হয়েছে।
অন্যদিকে, জিরিঘাট থানার অধীন মাখননগর বস্তির বাসিন্দা ময়ম হুসেনের স্ত্রী রশ্মিনা বেগম (৩১) এবং সাহার উদ্দিন লস্করের স্ত্রী মমতাজ বেগম চৌধুরী (৩৭) নামের দুই মহিলাকে সোনাই বাজার থেকে আটক করা হয়। পুলিশের একটি দল তাদের তল্লাশি চালিয়ে হেরোইন ভর্তি ১১টি সাবানের বাক্স বাজেয়াপ্ত করে। উদ্ধারকৃত সন্দেহজনক হেরোইনের মোট ওজন ছিল ১২২ গ্রাম।
