ওয়েবডেস্ক। ২ জুন
হাফলং-হোজাই সড়কের লাংটিঙে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবির আহমদ কাজি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন সইদুর রহমান (২৫) নামে আরও এক যুবক। নিহত সাবিরের বাড়ি বাঁশকান্দিতে এবং আহত সইদুরের বাড়ি লক্ষীপুরের সাপরময়না গ্রামে।
জানা গেছে, সোমবার বিকেলে দুই বন্ধু মোটরবাইকে হাফলং হয়ে হোজাইর উদ্দেশে রওনা দেন। রাতে লাংটিং এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে তাদের বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে স্থানীয় পুলিশের সহায়তায় দু’জনকে দ্রুত হোজাইর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা সাবির আহমদ কাজিকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, আশঙ্কাজনক অবস্থায় সইদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটির হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার নগাঁও হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাবিরের মরদেহ বাঁশকান্দির বাড়িতে নিয়ে আসা হয়। মাত্র দেড় মাস আগে বিয়ে করেন সাবির৷ তাঁর এই আকস্মিক মৃত্যুতে গোটা বাঁশকান্দি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
