ওয়েবডেস্ক। ২ জুন
উধারবন্দ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছোট দুধপাটিল গ্রান্টের পূর্বলাইন উত্তরপাড়ার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পুনরায় সরব হল ‘ইয়ুথস এগেইনস্ট সোসিয়াল ইভিলস’ (ইয়াসি)। মঙ্গলবার ইয়াসির কেন্দ্রীয় কমিটি এবং ছোট দুধপাটিল জিপি কমিটির পক্ষ থেকে বর্তমান বিধায়ক রাজদীপ গোয়ালা-র কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রাস্তা নির্মাণের দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে আন্দোলন ও প্রশাসনিক তৎপরতা চালিয়ে আসছেন। এরই অংশ হিসেবে ২০২৪ সালের ২ আগস্ট ইয়াসির পক্ষ থেকে তৎকালীন অসমের পূর্ত মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছিল। এরপর থেকে সংগঠনের সদস্যরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সরকারি দফতর ও বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছেন।
ইয়াসির কর্মকর্তারা জানান, প্রাক্তন বিধায়ক মিহির কান্তি সোমের কার্যকালেও সংগঠনের জিপি কমিটির সদস্যরা রাস্তা সংস্কারের দাবিতে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন এবং বিষয়টি নিয়ে অনুসরণ অব্যাহত রাখেন। বর্তমানে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে রাস্তা নির্মাণের লক্ষ্যে একটি সমীক্ষা (সার্ভে) পরিচালিত হচ্ছে বলেও তাঁরা জানতে পেরেছেন।
এই প্রেক্ষাপটে, রাস্তা নির্মাণের কাজ দ্রুত শুরু করার দাবিতে ইয়াসির কেন্দ্রীয় কমিটি পুনরায় বিধায়ক রাজদীপ গোয়ালার হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি প্রদান করে। সংগঠনের মতে, এলাকার বহু বাসিন্দা দীর্ঘদিন ধরে বেহাল যোগাযোগ ব্যবস্থার কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই দ্রুত প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
এদিন ইয়াসির ছোট দুধপাটিল জিপি কমিটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি গণেশ মণ্ডল। প্রতিনিধি দলে সম্পাদক মনোজ কালোয়ার, নন্দু রবিদাস, বিজন রবিদাস, আহাদ বড়ভূঁইয়া, সাজন লস্করসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্মারকপত্র গ্রহণের পর বিধায়ক রাজদীপ গোয়ালা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন এবং রাস্তা নির্মাণের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

error: Content is protected !!