ওয়েবডেস্ক। ২ জুন
তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি কে আন্নামালাই দল ছেড়ে নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন, এনিয়ে তীব্র জল্পনার মধ্যেই মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন এই হেভিওয়েট নেতা। দলীয় সূত্রে জানা গেছে, অমিত শাহর সঙ্গে প্রায় আধঘণ্টা ধরে বৈঠক চলে আন্নামালাইর। তবে তাঁদের মধ্যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি। বৈঠক শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়েই শাহর বাসভবন ছেড়ে চলে যান তিনি।
বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, তিনি বিজেপি সভাপতি নীতিন নবীন এবং জাতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সঙ্গেও দেখা করেছেন এবং দল থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে এ বিষয়ে কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। দলের এক সূত্র জানিয়েছে, ‘তিনি এখনও পদত্যাগ করেননি।
প্রসঙ্গত, তামিলনাড়ু বিজেপির সভাপতি পদ থেকে আন্নামালাইকে সরিয়ে নাইনার নাগেন্দ্রনকে দায়িত্ব দেওয়া এবং ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এআইএডিএমকে-এর সঙ্গে বিজেপির নির্বাচনী জোট পুনরুজ্জীবিত করার পর থেকেই তিনি দলের ওপর ক্ষুব্ধ ছিলেন বলে জানা গেছে। তিনি নিজেও নির্বাচনে প্রার্থী হননি, যদিও কোয়েম্বাটুর অঞ্চলের বিজেপি কর্মীরা তাঁর প্রার্থিতা আশা করেছিলেন।
দল ছাড়ার এবং নতুন দল গড়ার জল্পনার আবহেই সোমবার তিনি দিল্লি পৌঁছান। দিল্লি রওনা হওয়ার আগে চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্নামালাই জানিয়েছিলেন, আগামী দু’দিনের মধ্যে তিনি তাঁর অবস্থান স্পষ্ট করবেন এবং সব প্রশ্নের উত্তর দেবেন। দল ছাড়ার বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। আমরা আগামী দু’দিনের মধ্যে একসঙ্গে বসে এই বিষয়ে কথা বলব।’ এই মন্তব্য আরও জল্পনা বাড়িয়েছে যে তিনি শিগগিরই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করতে পারেন।
