ওয়েবডেস্ক। ২৬ মে
ডিমা হাসাও জেলার জাটিঙ্গায় একটি ইউরেশিয়ান কিংফিশার পাখির দেখা পাওয়া গেছে। এতে স্থানীয় পক্ষীপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।
সোমবার সন্ধ্যায় ডিমা হাসাও টুরিজম ডিপার্টমেন্ট তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই সংবাদটি নিশ্চিত করে। পোস্টে লেখা হয়, ‘জাটিঙ্গার বন্য প্রকৃতির ছোট্ট এক অতিথি।’ ইউরেশিয়ান কিংফিশার (যা কমন কিংফিশার বা রিভার কিংফিশার নামেও পরিচিত) আফ্রিকা, এশিয়া ও ইউরোপের কিছু অংশে পাওয়া যায়। এটি সাধারণত পরিষ্কার জলাশয় যেমন নদী ও ঝরনার কাছে বনাঞ্চলে বাস করে। দৈর্ঘ্যে প্রায় ৬-৭ ইঞ্চি এবং ওজন প্রায় এক আউন্সের এই পাখিটি তার অসাধারণ রঙের জন্য বিখ্যাত। পিঠ ও ডানায় উজ্জ্বল নীল-সবুজ এবং নীচের অংশে গাঢ় লালচে-কমলা রঙের সমন্বয় এটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে। এটি এক দক্ষ শিকারি; মূলত মাছ, ক্রাস্টেশিয়ান ও জলজ পোকা খেয়ে জীবনধারণ করে।
জাটিঙ্গায় এই বিরল পাখির আগমনে স্থানীয় পাখি পর্যবেক্ষক ও প্রকৃতিপ্রেমীরা উৎসাহে ভরপুর।
মঙ্গলবার অনেকেই (বিষয়টি সোশ্যাল মিডিয়া থেকে জানাজানি হওয়ার পর) জাটিঙ্গায় ছুটে গিয়েছেন এই দুর্লভ অতিথিকে দেখতে ও তার আচরণ নথিভুক্ত করতে। সংরক্ষণকর্মীরা মনে করছেন, এই দর্শন ডিমা হাসাওর সুস্থ জলবায়ু ও জলাশয় ব্যবস্থার প্রমাণ এবং জাটিঙ্গার প্রাকৃতিক বাসস্থান সংরক্ষণের গুরুত্বকে তুলে ধরেছে।
উল্লেখ্য, ডিমা হাসাও জেলায় সাম্প্রতিক বছরগুলোয় একাধিক বিরল ও পরিযায়ী পাখির আগমন ঘটেছে। গত নভেম্বরে উমরাংশু লেকে রুডি শেলডাক, সিগাল এবং ওরিয়েন্টাল ডার্টার (সাপ পাখি নামে পরিচিত) দেখা গিয়েছিল, যা এই জেলাকে পাখির বৈচিত্র্যের এক অজানা স্বর্গ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

error: Content is protected !!