ওয়েবডেস্ক। ২৯ মে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে এনএফ রেল।
গত ১৫ মে শুরু হওয়া এই বিশেষ পরিবেশ সচেতনতা অভিযান আগামী ৫ জুন পর্যন্ত এনএফ রেলের বিভিন্ন বিভাগ ও ইউনিটে চলবে। এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল স্লোগান হচ্ছে ‘জলবায়ু পরিবর্তন’।
এ উপলক্ষে এনএফ রেলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতা র্যালি, সেমিনার এবং পরিবেশবান্ধব উদ্যোগ সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তোলার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
রেল কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিচ্ছে প্লাস্টিকের ব্যবহার কমানো, রেল স্টেশন ও রেল কলোনিতে পরিচ্ছন্নতা বজায় রাখা, জল সংরক্ষণ এবং রেলের বিভিন্ন কাজে পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণের ওপর। এই সচেতনতামূলক কর্মসূচিতে রেল আধিকারিক, কর্মচারী, ছাত্রছাত্রী, স্কাউটস ও গাইডস সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
এরই অংশ হিসেবে সদর দফতর মালিগাঁওয়ে এনএফ রেল স্কাউটস ও গাইডসের উদ্যোগে পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে নাটক পরিবেশন হয়। নাটকের মাধ্যমে সাধারণ মানুষ ও যাত্রীদের পরিবেশ রক্ষায় সম্মিলিত দায়িত্ববোধের বার্তা দেওয়া হয়েছে। এই অভিনব উদ্যোগ যাত্রী ও উপস্থিত সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
এছাড়াও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারে নিরুৎসাহিত করতে এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ দিতে এনএফ রেলের বিভিন্ন এলাকায় যাত্রী, রেলকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে জুট ব্যাগ, কাপড়ের ব্যাগ এবং জৈব-বিয়োজ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেল দীর্ঘদিন ধরেই পরিবেশবান্ধব রেল পরিষেবা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির সমাপ্তি হবে আগামী ৫ জুন বিশেষ সচেতনতা অনুষ্ঠান এবং পরিবেশ সংরক্ষণের শপথ গ্রহণের মধ্য দিয়ে।

error: Content is protected !!