ওয়েবডেস্ক। ২৯ এপ্রিল
দ্রুত শুভ বুদ্ধির উদয় হোক ইরানের। যুদ্ধবিরতি শর্ত নিয়ে ইরানের দেওয়া পাল্টা শর্তকে কটাক্ষ করে বুধবার এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিন নিজস্ব সমাজমাধ্যমে তিনি বলেন, ইরান এখনও নিজেদের গুছিয়ে নিতে পারছে না। তারা জানে না কীভাবে একটি পারমাণবিক-বিরোধী চুক্তি করতে হয়। তাদের শীঘ্রই শুভবুদ্ধির উদয় হোক। এর পরেই তিনি ইরানকে সতর্ক করে দিয়ে জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে শীঘ্রই কোনও কূটনৈতিক সমাধানে পৌঁছনো না গেলে, আমেরিকা আরও কঠোর অবস্থান নেবে।
এই বার্তা দেওয়ার পাশাপাশি ট্রাম্প নিজের একটি এআই-নির্মিত ছবিও যুক্ত করেছেন। সেখানে তাঁকে রাইফেল হাতে যুদ্ধংদেহী ভঙ্গিতে দেখা যাচ্ছে, যার ওপর লেখা, ‘নো মোর মিস্টার নাইস গাই’ (ভদ্রতা দেখানোর দিন শেষ)। ট্রাম্পের এই বিবৃতি এবং ছবি থেকে এটা স্পষ্ট যদি আমেরিকার দেওয়া প্রস্তাবিত শর্তগুলি ইরান না মানে, তাহলে তাদের জন্য আরও আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে পারে আমেরিকা।
এদিকে, শান্তি ফেরাতে ইরানের তরফে আমেরিকাকে তিন দফা প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবে ইরান জানিয়েছে, হরমুজে পণ্যবাহী জাহাজ চলাচল আবার স্বাভাবিক করতে চায় তেহেরান। কিন্তু পরমাণু আলোচনা এখনই শুরু করতে চায় না।
