ওয়েবডেস্ক
১৩ আগস্ট
গরুকে জাতীয় পশু ঘোষণা করে কোনও আইন প্রণয়নের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের। মঙ্গলবার সংসদে দেওয়া এক লিখিত উত্তরে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রী এস পি সিং বাঘেল স্পষ্ট করেছেন যে, গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার কোনও পরিকল্পনা কেন্দ্র সরকারের নেই। উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সংবিধানের ২৪৬(৩) ধারা অনুযায়ী প্রাণী সংরক্ষণ রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়।
তবে মন্ত্রী জাতীয় গোকুল মিশনের বিস্তারিত তথ্য দিয়ে জানান, ২০১৪ সাল থেকে এই প্রকল্পের মাধ্যমে গরুর সংরক্ষণ, উন্নয়ন ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। ২০২১-২৬ সময়কালে এই মিশনের জন্য ২,৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দুগ্ধ খাতের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৪ সালে দেশের মোট দুধ উৎপাদনের ৫৩.১২% এসেছে গরু থেকে, যেখানে মহিষের অবদান ৪৩.৬২%।
এই প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা করা হচ্ছে, যেখানে পশুপালন কাজে নিয়োজিত ৭০% এর বেশি মহিলা। রাষ্ট্রীয় গোকুল মিশন ও রাষ্ট্রীয় পশুধন বিকাশ যোজনা দেশীয় গবাদি পশুর উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দুগ্ধ খাতকে আরও লাভজনক করতে সহায়তা করছে।
কেন্দ্রীয় মন্ত্রী তার বক্তব্যে জোর দিয়ে বলেন, যদিও গরুকে জাতীয় পশু ঘোষণার কোনও পরিকল্পনা নেই, তবুও সরকার গবাদি পশুর উন্নয়ন ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে পরোক্ষভাবে দেশের সাধারণ মানুষেরই কল্যাণ সাধিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
