যুগশঙ্খ প্রতিবেদন
গুয়াহাটি৷ ৯ আগস্ট
সংস্কার কাজের জন্য পুরোনো শরাইঘাট সেতু রবিবার পুরোপুরি বন্ধ থাকবে৷ বন্ধ ছিল শনিবারও৷ এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি সংস্কার কাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে রবিবার বিকেল ৬টা পর্যন্ত পুরো বন্ধ রাখা হচ্ছে সেতুটি৷ এই সময়ের জন্য কামরূপ জেলা প্রশাসন একটি বিস্তারিত ট্রাফিক রেগুলেশন প্ল্যান জারি করেছে স্বচ্ছন্দে যান চলাচল নিশ্চিত করতে৷ এই নির্দেশনা জারি থাকবে সেতুর কাজ শেষ না হওয়া পর্যন্ত৷ এই সময়ে নিউ শরাইঘাট সেতু দিয়ে জরুরি এবং হালকা যান চলাচল করবে৷ ভারি যানবাহন চলবে বাইহাটা চারিআলি, মঙ্গলদৈ হয়ে৷ তবে নিউ শরাইঘাট সেতু দিয়ে ব্যাপক হারে চলাচলে সতর্কতাও জারি করা হয়েছে৷ একই সেতু দিয়ে অত্যধিক যানবাহন চলাচলে সতর্ক থাকতে বলা হয়েছে৷ প্রয়োজনে জনসাধারণকে বিকল্প সড়ক বেছে নিতে পরামর্শ দেওয়া হয়েছে৷
