চেন্নাই। ১০ আগস্ট

দুর্বল পাকিস্তানকে অপারেশন সিঁদুর-এর মাধ্যমে আমরা কিস্তিমাত করে দিয়েছি। ওই অভিযানকে দাবা খেলার সঙ্গে তুলনা করে এমনটাই বললেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। শনিবার তামিলনাড়ুর একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, অপারেশন সিঁদুর দাবা খেলার মতো ছিল। দাবা খেলায় যেমন প্রতিপক্ষের চাল বোঝা যায় না, এই অভিযানেও আমরা শত্রুর পরের পদক্ষেপ কী হবে তা নিয়ে অন্ধকারে ছিলাম।
তিনি আরও বলেন, ‘শত্রুর (পাকিস্তান) পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সেটা আমাদের জানা ছিল না। যাকে বলা হয় গ্রে জোন। অর্থাৎ আমরা চেনা ছকের কোনও অভিযানে যাইনি। আমরা উভয়পক্ষ দাবার চাল তৈরি করছিলাম। অনেক ক্ষেত্রেই আমরা তাদের কিস্তিমাত করে দিয়েছি। তবে আমাদের ঝুঁকিও কম ছিল না। কিন্তু এটাই তো জীবন।’
এদিন সেনাপ্রধান আরও বলেন, গোটা অভিযানে একটি বিষয়ের বড় ভূমিকা ছিল। সেটি হল ন্যারেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ মন থেকে যেটা ভেবে নেওয়া হয়, সেটাকেই ঠিক বলে মেনে নেওয়া। তিনি আরও বলেন, ২৩ এপ্রিল তিন প্রধানের সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক হয়। এই প্রথমবার দেখলাম যে প্রতিরক্ষামন্ত্রী বলছেন অনেক হয়েছে, আর নয়। যা সেনার আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে অত্যন্ত শক্তিশালী একটি বার্তা। তিন বাহিনীর প্রধানদের রণনীতি তৈরি করতে বলা হয়েছিল। দ্বিবেদী বলেন, ‘আমাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল সিদ্ধান্ত নেওয়ার। এই আস্থা ও রাজনৈতিক স্পষ্টতা মনোবল বাড়িয়ে দেয়’।