জুরিখ। ১০ আগস্ট

সামনেই ইউএস ওপেন। তার আগে শাস্তির মুখে পড়েছেন নোভাক জকোভিচ। ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে সার্বিয়ার টেনিস তারকাকে। তবে খেলা নয়, অন্য একটা কারণে শাস্তি পেতে হয়েছে ২৪ গ্র্যান্ড স্ল্যামের মালিককে।
দক্ষিণ স্পেনের মার্বেল্লায় বেআইনি নির্মাণের জন্য জকোভিচকে জরিমানা করেছে সেখানকার মিউনিসিপ্যালিটি। জকোভিচকে আগেই নোটিস পাঠিয়েছিল মিউনিসিপ্যালিটি। তাঁকে কয়েকটা নথি জমা দিতে বলা হয়েছিল। সেই সব নথি জমা না দিতে পারলে নির্মাণ ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল। জকোভিচ সব নথি দেখাতে পারেননি বলে জানা গিয়েছে। তার পরেই জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
জকোভিচ মার্বেল্লা মিউনিসিপ্যালিটিতে দুটো নথি জমা দিয়েছিলেন। তিনি অনুরোধ করেছিলেন, যাতে সেই নির্মাণ চালিয়ে যেতে দেওয়া হয়। কিন্তু সেই অনুরোধ মানেনি মিউনিসিপ্যালিটি। নির্মাণ বন্ধ করতে বলা হয়েছে তাঁকে। পাশাপাশি দ্রুত জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
গত বছর প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার পর থেকে একটাও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জকোভিচ। নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে ইউএস ওপেনে নামবেন তিনি। ২৪ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত হবে সেই প্রতিযোগিতা। সেখানে যাতে তিনি তরতাজা হয়ে নামতে পারেন, তার জন্য মাস্টার্স সিনসিনাটি ওপেন ও ন্যাশনাল ব্যাঙ্ক ওপেনে খেলতে নামেননি নোভাক।
বয়স সমস্যায় ফেলছে জকোভিচকে। কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত ভালো খেললেও তার পরে কার্লোস আলকারাজ ইয়ানিক সিনারের কাছে হারতে হচ্ছে তাঁকে। দেখে বোঝা যাচ্ছে, কেরিয়ারের শেষ দিকে জকোভিচ। আর কত দিন তিনি খেলবেন সেই জল্পনা শুরু হয়েছে। তার মাঝেই ইউএস ওপেনে নামতে চলেছেন জকোভিচ। যদিও তার আগে জরিমানা হল তাঁর।