যুগশঙ্খ প্রতিবেদন
শিলচর৷ ৫ আগস্ট
সরকারের বিভাগীয় কাজকর্মে দক্ষতার স্বীকৃতি স্বরূপ মুখ্যমন্ত্রীর কর্মশ্রী পুরস্কার ২০২৪-২৫ পেলেন কাছাড়ের ৫ ইঞ্জিনিয়ার-অফিসার। তার মধ্যে ৪ জন অসম বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (এপিডিসিএল) ইঞ্জিনিয়ার-আধিকারিক৷ অপরজন পূর্ত বিভাগের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার।
এঁদের মধ্যে রয়েছেন পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের শিলচর-উধারবন্দ টেরিটোরিয়াল ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ। এপিডিসিএল থেকে পেলেন কাছাড় ইলেকট্রিক্যাল সার্কলের চিফ এগজিকিউটিভ অফিসার আবু জাহিদ মোহাম্মদ সুলেমান, শিলচর ইলেকট্রিক্যাল ডিভিশন ওয়ান-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অরূপ পাল, কাছাড় জেলার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রজেক্ট অরিজিৎ দাস এবং শিলচর ইলেকট্রিক্যাল ডিভিশন টু-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বাপি দাস।
৫ আগস্ট মঙ্গলবার গুয়াহাটির শংকরদেব কলাক্ষেত্রে লোককল্যাণ দিবস উপলক্ষে সরকারি আধিকারিক-কর্মীদের এই বিশেষ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ রাজ্যের রাজধানী সহ জেলাজুড়ে বহু সংখ্যক সরকারি আধিকারিক ও কর্মীকে দেওয়া হচ্ছে কর্মশ্রী সহ লোককল্যাণ পুরস্কার। এই পুরস্কার পান কাছাড়ের সুসন্তান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কমিশনার বিক্রম কৈরিও। এই পুরস্কার বরাকের জনগণের, এমনই মন্তব্য করেছেন কাছাড়ের প্রাপকরা। তাঁরা বলেছেন, মানুষ সহযোগিতা না করলে পূর্ত বিভাগই হোক বা বিদ্যুৎ বিভাগ কোনও জায়গায়ই কাজ করা সম্ভব হত না। অনিরুদ্ধ নাগ সেতু ও রাস্তা তৈরিতে দক্ষতার ছাপ রাখায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বিদ্যুৎ বিভাগের সুলেমান, অরূপ, অরিজিৎ, বাপিরা কাছাড় জেলায় অতিরিক্ত সাব স্টেশন স্থাপন, ভোল্টেজ সমস্যা মেটানো, লম্বা ফিডার লাইনকে ছোট করে আনা, ডিটিআর স্থাপনে উন্নতি ঘটানোয় মনোনীত হন পুরস্কারের জন্য।
