ওয়েবডেস্ক। ১৬ জুন
স্লোভাকিয়া সফরে গিয়ে সে দেশের শিশু-কিশোরদের যোগচর্চা দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় রাষ্ট্রপতি পিটার পেল্লেগ্রিনির সঙ্গে সোমবার বিশেষ যোগ প্রদর্শনী প্রত্যক্ষ করেন তিনি। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে এই আয়োজনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
সামাজিক মাধ্যমে মোদি জানান, স্লোভাকিয়ার স্কুলপড়ুয়াদের যোগাভ্যাস করতে দেখে তিনি আনন্দিত। তাঁর কথায়, বিশ্ব যখন আন্তর্জাতিক যোগ দিবস উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন তরুণ প্রজন্মের মধ্যে যোগের প্রতি আগ্রহ বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক বার্তা দিচ্ছে। যোগ মানুষের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশের পাশাপাশি বিভিন্ন দেশের মানুষকে একসূত্রে বাঁধতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন তিনি।
সফরকালে ব্রাতিস্লাভার রাষ্ট্রপতি ভবনে বারাণসীকে কেন্দ্র করে একটি বিশেষ শিল্পপ্রদর্শনীও ঘুরে দেখেন মোদি ও পেল্লেগ্রিনি। সম্প্রতি বারাণসী সফর করা কয়েকজন স্লোভাক শিল্পীর আঁকা কাজও সেখানে স্থান পেয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, শিল্প ও সংস্কৃতির মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়।
এদিকে স্লোভাক ভাষায় উপনিষদের অনুবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাহিত্য গবেষক রবার্ট গাফরিকের সঙ্গেও সাক্ষাৎ করেন মোদি। প্রায় পাঁচ বছরের প্রচেষ্টায় তিনি মূল সংস্কৃত ভাষা থেকে দশটি প্রধান উপনিষদের স্লোভাক অনুবাদ সম্পন্ন করেছেন। এটিই স্লোভাক ভাষায় উপনিষদের প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ।
গাফরিকের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার প্রতি তাঁর অনুরাগ সত্যিই প্রশংসনীয়। উল্লেখ্য, বিশ্বের প্রাচীনতম ও প্রভাবশালী দার্শনিক-ধর্মীয় গ্রন্থগুলির মধ্যে উপনিষদ অন্যতম। খ্রিস্টপূর্ব সপ্তম থেকে পঞ্চম শতকের মধ্যে রচিত এই গ্রন্থগুলি ভারতীয় চিন্তাধারার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হয়।
