ওয়েবডেস্ক। ১৩ জুন
হরমুজ প্রণালীর কাছে বাণিজ্যিক জাহাজে হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুকে কেন্দ্র করে ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। ঘটনার পর মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি স্পষ্ট ভাষায় জানান, নিরীহ বাণিজ্যিক জাহাজের ওপর প্রাণঘাতী হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
শনিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় জয়শংকর বলেন, তেলবাহী জাহাজে হামলার ঘটনায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি মার্কিন বিদেশসচিবের কাছে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন।
উল্লেখ্য, গত বুধবার ওমানের শিনাস বন্দরের অদূরে গিনি-বিসাউয়ের পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘এমটি জলবীর’-এ হামলার ঘটনা ঘটে। জাহাজটিতে ২০ জন ভারতীয় নাবিক কর্মরত ছিলেন। হামলার পর তাঁদের উদ্ধার করা হলেও তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয় বলে জানা যায়।
ঘটনার কয়েক ঘণ্টা পরে আমেরিকার কেন্দ্রীয় সামরিক কমান্ড দায় স্বীকার করে। তাদের দাবি, ইরানের তেল রফতানি রুখতে আরোপিত সামুদ্রিক অবরোধ ভঙ্গ করায় ওই জাহাজের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল। তবে এই হামলায় ভারতীয় নাবিকদের প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নয়াদিল্লি।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ভারতীয় জাহাজগুলির ওপর ড্রোন হামলার চেষ্টা করেছিল ইরান। তবে মার্কিন বাহিনীর দ্রুত পদক্ষেপে সেই হামলা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছেন তিনি। সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় ট্রাম্প বলেন, ভারতীয় জাহাজকে লক্ষ্য করে চালানো ওই হামলার চেষ্টা অত্যন্ত উদ্বেগজনক এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। যদিও কোন জাহাজকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছিল বা ঠিক কী পরিস্থিতিতে মার্কিন বাহিনী হস্তক্ষেপ করেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
