ওয়েবডেস্ক। ১৩ জুন
দেশের সামরিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো সামরিক অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ সম্পূর্ণ করে ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে যোগদানের পথে পা বাড়ালেন ৯ মহিলা ক্যাডেট। এই ঘটনাকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শনিবার উত্তরাখণ্ডের দেরাদুনে সামরিক অ্যাকাডেমির পাসিং আউট প্যারেডে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মহিলা ক্যাডেটদের এই সাফল্য শুধু সেনাবাহিনীর ইতিহাসেই নয়, মহিলা-নেতৃত্বাধীন উন্নয়নের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাঁর মতে, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মহিলা এই প্রতিষ্ঠানে যোগ দিয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবেন।
উল্লেখ্য, এবারের পাসিং আউট প্যারেড শেষে মোট ৫১৫ জন ক্যাডেট সেনাবাহিনীতে অফিসার হিসেবে কমিশন লাভ করতে চলেছেন। তাঁদের মধ্যে রয়েছেন ৯ জন মহিলা ক্যাডেট। এছাড়াও ১৬টি বন্ধুত্বপূর্ণ দেশের ৩৪ জন বিদেশি অফিসার ক্যাডেটও প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন। তাঁরা নিজ নিজ দেশের সশস্ত্র বাহিনীতে যোগ দেবেন।
রাষ্ট্রপতি বলেন, দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই সামরিক প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সম্মান, সাহস এবং আত্মত্যাগের মূল্যবোধে সেনা অফিসার গড়ে তুলছে। সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বহু বিশিষ্ট সামরিক নেতার জন্ম হয়েছে এই প্রতিষ্ঠান থেকেই। রাষ্ট্রপতি উত্তীর্ণ ক্যাডেটদের উদ্দেশে বলেন, সামরিক জীবনের পথে এগিয়ে যাওয়ার সময় সাহস, শৃঙ্খলা এবং প্রজ্ঞাই হবে তাঁদের সবচেয়ে বড় শক্তি। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে তাঁদের নিষ্ঠা ও কর্তব্যবোধই আগামী দিনে প্রকৃত পরিচয় গড়ে তুলবে।
প্রসঙ্গত, ১৯৩২ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত এই সামরিক অ্যাকাডেমি গত ৯৪ বছরে ৬৫ হাজারেরও বেশি ক্যাডেটকে প্রশিক্ষণ দিয়েছে। শুধু ভারত নয়, একাধিক বন্ধু দেশের সামরিক কর্মকর্তারাও এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দেশের সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

error: Content is protected !!