ওয়েবডেস্ক। ৩ নভেম্বর
মকইভাঙা–ভৈরবনগর সড়কে দীর্ঘদিন ধরে অসম মালা প্রকল্পের অধীনে চলছে নির্মাণকাজ। ইতিমধ্যে রাস্তার অধিকাংশ অংশে পিচ ঢালাইয়ের কাজ সম্পন্ন হলেও বেশ কয়েকটি স্থানে এখনও নির্মাণকাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যানচালক থেকে শুরু করে সাধারণ পথচারী।
বিশেষ করে বাশাইল বাজারসহ সড়কের পার্শ্ববর্তী একাধিক স্থানে অসম্পূর্ণ নির্মাণকাজের কারণে যাতায়াত ব্যবস্থা বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তার বিভিন্ন অংশে উঁচু-নিচু অবস্থা ও বড় বড় গর্ত থাকায় যে কোনও মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
দিনকয়েক আগে বাশাইল বাজার এলাকায় রাস্তার বেহাল অংশ পার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি লরি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হয় স্থানীয়দের। পরবর্তীতে রাস্তার ওই অংশে লালমাটি ফেলা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এখনও বিভিন্ন স্থানে উঁচু-নিচু অংশ ও গর্ত রয়ে গেছে।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার অধিকাংশ অংশে পিচ ঢালাই সম্পন্ন হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে কাজ অসম্পূর্ণ রেখে দেওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীবাহী ছোট বড় গাড়ি। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে।
এ অবস্থায় জনসাধারণের নিরাপত্তা ও নির্বিঘ্নে যাতায়াতের স্বার্থে সংশ্লিষ্ট বিভাগ এবং নির্মাণকারী সংস্থার কাছে দ্রুত কাজ সম্পূর্ণ করতে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, অসম্পূর্ণ অংশগুলিতে অবিলম্বে সংস্কার ও নির্মাণকাজ সম্পন্ন করে সড়কটিকে সম্পূর্ণ চলাচলের উপযোগী করে তোলা হোক।
oplus_0 