ওয়েবডেস্ক। ১৭ জুন
একটা সময় ছিল যখন দেশের সামরিক শক্তির জন্য ভারতকে বিদেশি অস্ত্রসম্ভারের ওপর ভরসা করতে হত। কিন্তু বর্তমান ‘আত্মনির্ভর ভারত’ সেই পরনির্ভরশীলতার খোলস ভেঙে নিজের অস্ত্রসম্ভার বাড়িয়ে নতুন রেকর্ড অর্জন করেছে। আজ ভারত কেবল নিজের সুরক্ষাই নিশ্চিত করছে না, বরং এদেশের মাটিতে তৈরি অত্যাধুনিক যুদ্ধাস্ত্র এখন বিশ্বের বহু দেশের সামরিক বাহিনীকে সমৃদ্ধ করছে। এই অভাবনীয় সাফল্যের পথ ধরে এবার এক ঐতিহাসিক নজির গড়ল নয়াদিল্লি। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালীন রেকর্ড ভেঙে ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত এক দশকে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের উৎপাদন প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। ২০১৩-১৪ আর্থিক বছরে যেখানে দেশের প্রতিরক্ষা উৎপাদনের আর্থিক মূল্য ছিল মাত্র ৪৩,৭৪৬ কোটি টাকা, সেখান থেকে আজ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। ভারতের জন্য এটি এক অভাবনীয় জয়যাত্রা। বিগত ২০২৪-২৫ অর্থবর্ষে এই উৎপাদনের পরিমাণ ছিল ১.৫৪ লক্ষ কোটি টাকা, যার তুলনায় এবার বৃদ্ধির হার ১৫.৬ শতাংশ। অন্যদিকে, যদি ২০২০-২১ অর্থবর্ষের ৮৪,৬৪৩ কোটি টাকার হিসেব ধরা হয়, তবে তার সাপেক্ষে এই বৃদ্ধি রেকর্ড ১১০ শতাংশ।
এই বিপুল সাফল্যের পেছনে সরকারি ও বেসরকারি, উভয় ক্ষেত্রেই একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত এবং রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলির অবদান মোট উৎপাদনের প্রায় ৭৬ শতাংশ। সমান্তরালভাবে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে বেসরকারি খাতও, যাদের অবদান প্রায় ২৪ শতাংশ। ২০২৪ অর্থবর্ষের তুলনায় বেসরকারি ক্ষেত্রে উৎপাদন ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৪২,০০০ কোটি টাকার সর্বকালীন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রের এই ঐতিহাসিক অগ্রগতিতে এক্স হ্যান্ডেলে গভীর উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে তিনি জানান যে, প্রধানমন্ত্রীর দূরদর্শী ও অনুপ্রেরণামূলক নেতৃত্বের কারণেই প্রতি বছর ভারতের প্রতিরক্ষা উৎপাদন নতুন সাফল্যের শিখর স্পর্শ করছে। তিনি আরও যোগ করেন, এই রেকর্ড স্পষ্ট প্রমাণ করে যে দেশের প্রতিরক্ষা শিল্প কতটা শক্তিশালী ও বিস্তৃত হচ্ছে। সরকারের ধারাবাহিক নীতিগত সহায়তা, সময়োপযোগী বহুমুখী উদ্যোগ, বেসরকারি সংস্থাগুলির সক্রিয় অংশগ্রহণ এবং বিশ্ববাজারে রফতানি সক্ষমতা বৃদ্ধির হাত ধরে আগামী দিনগুলোতে ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাত আরও দ্রুতগতিতে এগিয়ে যাবে।

error: Content is protected !!