ওয়েবডেস্ক। ১৩ জুন
অসম-মণিপুর সীমান্তের জিরিঘাট বাজারে উচ্ছেদ অভিযান চালাল লক্ষীপুর সমজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে ৩৭ নম্বর জাতীয় সড়কের দু-পাশে গড়ে ওঠা সব অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।
উল্লেখ করা যেতে পারে, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের দু-পাশ দখল করে ব্যবসা বাণিজ্য চালানোর ফলে জিরিঘাট বাজারে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ পথচারী থেকে শুরু করে দূরপাল্লার যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। যানজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই শনিবার সকাল থেকে বিশাল পুলিশ ও আধা-সামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযানে নামেন প্রশাসনের কতা৴রা৷ প্রশাসন সূত্রে জানা গেছে, এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে৷ আগামীকাল রবিবারও ফের একই এলাকায় চালানো হবে অভিযান।
এদিকে, জিরিঘাট গ্রাম পঞ্চায়েত সভাপতি শান্তনু চৌধুরী ও বর্ষীয়ান সমাজসেবী জওহর দেব জানিয়েছেন, এই উচ্ছেদ কোনও আকস্মিক সিদ্ধান্ত নয়। প্রায় একমাস আগেই এলাকা দখলমুক্ত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে লিখিত নোটিশ জারি করা হয়েছিল। শুধু তাই নয়, গত একমাসে অন্তত তিনবার মাইকে প্রচার করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। সতর্কবার্তা পেয়ে কিছু ব্যবসায়ী নিজে থেকেই দোকান সরিয়ে নিলেও, একাংশ ব্যবসায়ী সরকারি নির্দেশকে আমল দেননি। ফলস্বরূপ, সাধারণ মানুষের যাতায়াত সুগম করতে বাধ্য হয়েই এদিন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন।
