ওয়েবডেস্ক। ১০ জুন
স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বুধবার করিমগঞ্জ কলেজে মারুতি সুজুকির উদ্যোগে একটি ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয়। কলেজের ‘ইনফরমেশন, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট সেল’ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচি তথা গৌরবময় নিয়োগ প্রক্রিয়াটি করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. রজত শুভ্র পালের সভাপতিত্বে ও ইনফরমেশন, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট সেলের আহ্বায়ক ড. ত্রিরূপ দত্ত চৌধুরির পরিচালনা ও সমন্বয়ে সম্পন্ন হয়। মারুতি সুজুকি শিলচর থেকে আগত তিনজন পদস্থ বিশেষজ্ঞের একটি প্রতিনিধি দল এই সমগ্র প্রক্রিয়াটি পরিচালনা করেন।
এদিনের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কলেজের গণিত বিভাগের শিক্ষকদের সক্রিয়ভাবে উপস্থিত থেকে সহযোগিতা করেন। ক্যাম্পাস ড্রাইভে মূলত ষষ্ঠ সেমিস্টারের (চূড়ান্ত বর্ষ) শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছিল। মেধা ও যোগ্যতার এই লড়াইয়ে কলেজের মোট ৩৩ জন শিক্ষার্থী অংশ নেন। নির্বাচন প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রাথমিক ধাপে ৩৩ জনের মধ্যে ১৫ জন শিক্ষার্থী নিজেদের যোগ্যতা প্রমাণ করে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়। দ্বিতীয় ধাপে স্ক্রিনিংয়ে উত্তীর্ণ ১৫ জন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে মারুতি সুজুকির বিশেষজ্ঞদের মুখোমুখি হয়ে ব্যক্তিগত সাক্ষাৎকার পর্বে অংশ নেন। সাক্ষাৎকার পর্বে কঠোর মূল্যায়নের পর, চূড়ান্ত পর্বের সাক্ষাৎকারের জন্য ৭ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়। এই চূড়ান্ত সাক্ষাৎকারটি শিলচরে মারুতি সুজুকির আঞ্চলিক দফতরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এদিনের কর্মসূচিতে মারুতি সুজুকির বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত সুশীল কুমার তাপাড়িয়া (অ্যাডমিন ম্যানেজার), অভীক ভৌমিক (নেটওয়ার্ক ম্যানেজার), মৃদুল কান্তি সিংহ (এইচআর ম্যানেজার) শিক্ষার্থীদের সামগ্রিক যোগ্যতা, মেধা ও পারফরম্যান্সে গভীর সন্তোষ প্রকাশ করেন। সেইসঙ্গে আগামী শিক্ষাবর্ষে করিমগঞ্জ কলেজের সাথে যৌথভাবে এধরনের নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন। কর্মসূচির মূল সমন্বয়ক ড. ত্রিরূপ দত্ত চৌধুরির আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে মারুতি সুজুকি কর্তৃপক্ষকে করিমগঞ্জ কলেজের শিক্ষার্থীদের এই অনন্য সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানান।
