ওয়েবডেস্ক। ১০ জুন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক শাসনের ১২ বছর পূর্তি উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বুধবার শিলকুড়িস্থিত বরমবাবা মন্দিরে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বড়খলা কেন্দ্রের বিধায়ক কিশোর নাথ। এদিন মন্দিরের প্রধান আচার্য সবিতা শর্মা ও প্রবীণ পুজারি আত্মদেও শর্মার নেতৃত্বে মন্দিরের মোট ১৫ জন পুজারির বৈদিক মন্ত্রোচারের মাধ্যমে পূজা সম্পন্ন হয়।
সাংসদ ও বিধায়ক মন্দিরে পূজা-অর্চনা সম্পন্ন করার পাশাপাশি সন্ধ্যা আরতিতেও অংশগ্রহণ করেন। পরে তাঁরা উপস্থিত ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান উপলক্ষে বিগত সরকারের ‘উপাসনা’ প্রকল্পের অধীনে মন্দিরগুলির জন্য বরাদ্দ থাকা দেড় লক্ষ টাকা করে অনুদানের দ্বিতীয় কিস্তির চেক বিতরণ করা হয়। জানা গেছে, বড়খলা সমষ্টিতে মোট ১৫০টি চেক রয়েছে, যার মধ্যে চাতলা মণ্ডলের জন্য ২৮টি চেক প্রদান করা হয়।
চাতলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত জীবন ও পরিবারের স্বার্থকে পিছনে রেখে দেশসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। পরম পিতার কাছে প্রার্থনা করি, প্রধানমন্ত্রী যেন সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের অধিকারী হন, যাতে তিনি আরও বহু বছর দেশসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।
অপরদিকে বিধায়ক কিশোর নাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের অগ্রগতি ও সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। সেই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানান।
অনুষ্ঠানে চাতলা মণ্ডলের সভাপতি মানব সিং, বড়খলা বিধায়ক কিশোর নাথের সহধর্মিনী নীলিমা নাথ, বিজেপি নেতা আশিস হালদার, ইঞ্জিনিয়ার শৈলেস সিং, চাতলা মণ্ডলের বিজেপি পদাধিকারী, দলীয় কার্যকর্তা, মন্দির কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
