ওয়েবডেস্ক। ৯ জুন
সদ্যসমাপ্ত আইপিএলে তাঁকে নিয়ে একের পর এক বিতর্ক হয়েছে। কখনও অভিযোগ, তিনি নাকি অহেতুক চোটের দোহাই দিয়ে মাঠে নামছেন না। কখনও ক্রিকেটবোদ্ধারা দাবি করেছেন, তাঁকে ছাড়াই চাপমুক্ত থাকে গোটা দল। বিতর্কে বিদ্ধ হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) অবশেষে খানিকটা স্বস্তি পেলেন। সূত্রের খবর, বোর্ডের ফিটনেস পরীক্ষায় তিনি পাশ করেছেন। ওয়ানডে ক্রিকেটেও খুব দ্রুত ফিরবেন হার্দিক।
গতবছর চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর ভারতের জার্সিতে আর ওয়ানডে খেলেননি হার্দিক। তবে টি-২০তে খেলেছেন নিয়মিত। চলতি বছরের বিশ্বকাপজয়ী দলেও ছিলেন। কিন্তু তারপর আইপিএল চলাকালীন চোট পান হার্দিক। বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। তারপর প্রশ্ন ওঠে, ফিট হয়ে গেলেও চোটের দোহাই দিয়ে হার্দিক কয়েকটা ম্যাচ খেলেননি। দলের অন্দরে বেশ কিছু ক্রিকেটার হার্দিককে নিয়ে অসন্তুষ্ট, এমন গুঞ্জনও শোনা গিয়েছে আইপিএল চলাকালীন।
আপাতত আইপিএলের ব্যর্থতা ভুলতে বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন হার্দিক। তারপর মন দিয়েছেন জাতীয় দলে। সূত্রের খবর, প্রায় এক সপ্তাহ ধরে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন হার্দিক। তাঁর পিঠের চোট সারিয়ে তোলার প্রক্রিয়া চলেছে সেখানে। টানা পাঁচদিন ম্যাচ পরিস্থিতিতে ১০ ওভার করে বোলিংও করেছেন হার্দিক। সূত্রের খবর, হার্দিকের পারফরম্যান্সে সন্তুষ্ট স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচরা। চোটের জন্য হার্দিকের আর সমস্যা নেই বলেই মনে করছেন তাঁরা।
আগামী ১৩ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ভারত। সেই সিরিজেই হার্দিক খেলতে পারবেন এবং ১০ ওভার বল করতে পারেন, এমনটাই আশা করা যাচ্ছে। আগামী বিশ্বকাপে হার্দিকের বোলিং ভারতের পক্ষে অত্যন্ত লাভজনক হবে বলেই মত ক্রিকেটমহলের। তবে রোহিত শর্মাকে নিয়ে দুশ্চিন্তার মেঘ এখনও কাটেনি। তিনিও বেঙ্গালুরুতে রয়েছেন বলেই সূত্রের খবর। কিন্তু ফিট হয়ে আফগানিস্তান সিরিজে খেলতে পারবেন কিনা, জানা নেই। ইতিমধ্যেই আফগান সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। হার্দিকের প্রত্যাবর্তন শক্তি বাড়াবে ভারতীয় দলে।

error: Content is protected !!