ওয়েবডেস্ক। ২৯ এপ্রিল
রবিবার রাতের ঝড়ে অসম-মিজোরাম সীমান্ত এলাকার চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের ১৫২৭ নম্বর ফ্রেঞ্চনগর খাসিয়াপুঞ্জি এলপি স্কুলের অস্থায়ী ভবনের অতিরিক্ত শ্রেণিকক্ষ ও রান্না ঘর উড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্কুলের। সঙ্গে বৈদ্যুতিক সামগ্রী ও বাসনপত্রেরও ক্ষতি হয়েছে। এই পরিস্থিতির বিষয়ে ধলাই সমজেলার অতিরিক্ত কমিশনার দীক্ষা সরকারের হাতে এক স্মারকপত্র প্রদান করা হয়। মঙ্গলবার স্মারকপত্র তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক রবেন্দু শীল, পরিচালন সমিতির সভাপতি বিশ্বজিৎ মালাকার, স্থানীয় কর্মায়ন সংস্থার সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাসসহ অন্যান্যরা।
স্মারকপত্রে উল্লেখ করা হয়, ঝড়-বৃষ্টিতে স্কুলের অতিরিক্ত শ্রেণি কক্ষ ও রান্না ঘর নষ্ট হয়ে পড়ে। এতে মধ্যাহ্ন ভোজন সহ পাঠদানে ব্যাপক হানি হচ্ছে। ফলে অবিলম্বে বিহিত ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।
রবিবার রাতে ঝড়ে স্কুলটির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর সোমবার যথারীতি স্কুলে পৌঁছান প্রধান শিক্ষক রবেন্দু শীল। স্কুলের এমন পরিস্থিতি দেখে ছুটে আসেন পরিচালন সমিতির সভাপতি বিশ্বজিৎ মালাকার সহ অন্যান্যরা। তাঁরা সাময়িকভাবে স্কুলটি পরিস্কার-পরিচ্ছন্ন করেন। ঝড়ের তাণ্ডবে স্কুলের শৈক্ষিক পরিবেশে ব্যাঘাত ঘটেছে।
