ওয়েবডেস্ক।‌ ২৭ ফেব্রুয়ারি
প্রথমবার ফাইনালে উঠে ইতিহাসের দোরগোড়ায় জম্মু-কাশ্মীর। প্রথম বারই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের উত্থান চমকে দিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের।
রঞ্জি ট্রফি জয় যেন সময়ের অপেক্ষা আকিব নবিদের জন্য। চতুর্থ দিনে কর্ণাটক অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল ফিরে যাওয়ার পরই ফাইনালের ফলাফল কার্যত নিশ্চিত হয়ে যায়। তাঁর উইকেটও পেলেন সেই আকিবই। যাঁকে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় দলের জার্সিতে দেখতে চাইছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ব্যস্ততার মধ্যেও সিএবি সভাপতি চোখ রেখেছেন রঞ্জি ট্রফির ফাইনালে।
জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররাও সম্ভবত এতটা আশা করেননি। কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশ, সেমিফাইনালে বাংলাকে হারিয়ে ফাইনালে কর্ণাটকের মুখোমুখি জম্মু-কাশ্মীর। মায়াঙ্ক, লোকেশ রাহুলদের ঘরের মাঠেই তাঁদের কোণঠাসা করে দিয়েছে জম্মু-কাশ্মীর। কর্ণাটক বেশ শক্তিশালী দল। ভারতীয় দলে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছেন দলে। সেই দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীর করে ৫৮৪ রান।
জবাবে দেবদত্ত পাড়িক্কলের দলের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৯৩ রানে। মায়াঙ্কের ১৬০ রানের পর কর্ণাটকের দ্বিতীয় সর্বোচ্চ রান কার্তিক কৃষ্ণের ৩৬। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ম্যাচ ড্র হলেও চ্যাম্পিয়ন হবে জম্মু-কাশ্মীর। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তৈরি হবে নতুন ইতিহাস।
ভারতের ঘরোয়া ক্রিকেটে নতুন শক্তি হিসাবে জম্মু-কাশ্মীর উঠে আসায় উচ্ছ্বসিত সৌরভ। তিনি বলেছেন, ‘জম্মু-কাশ্মীর বিশ্বকে দেখিয়ে দিল ইচ্ছাশক্তি এবং চেষ্টা থাকলে কী করা যায়। ওরা নিজেদের জায়গাকে গর্বিত করেছে। কঠিন পরিবেশ মানুষকে কঠিন ভাবে গড়ে তোলে। আমার মনে হয়, আকিব নবি জাতীয় দল থেকে বেশি দূরে নেই। আগামী গ্রীষ্মে ইংল্যান্ড সফরের দলেই থাকতে পারে।’
কর্ণাটকের প্রথম ইনিংসে ৫৪ রানে ৫ উইকেট নিয়েছেন আকিব। গোটা রঞ্জি ট্রফিতে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করেছেন জম্মু-কাশ্মীরের জোরে বোলার। রাহুল, মায়াঙ্ক, করুণ নায়ার, রবিচন্দ্রন স্মরণের মতো কর্ণাটকের প্রথম সারির ব্যাটারদের আউট করেছেন তিনি। চলতি মরসুমে ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়েছেন তিনি। আগের মরসুমে ৮ ম্যাচে ৪৪টি উইকেট নেন। তাঁকে এখনই ভারতীয় টেস্ট দলে সুযোগ দেওয়ার পক্ষে সৌরভ।
ফাইনালের চতুর্থ দিনের খেলার শেষে ইতিহাস গড়ার কাছে পৌঁছে গিয়েছে জম্মু-কাশ্মীর। শুক্রবার খেলার শেষে জম্মু-কাশ্মীরের দ্বিতীয় ইনিংসের রান ৪ উইকেটে ১৮৬। ওপেনার কামরান ইকবাল ৯৪ রানে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ২২ গজে সাহিল লোটরা (১৬)। ৪৭৭ রানে এগিয়ে রয়েছে তারা। এদিন লড়াইয়ে ফেরার কিছুটা আশা তৈরি করেছিল কর্ণাটক। দ্বিতীয় ইনিংসে জম্মু-কাশ্মীর ১১ রানে ২ উইকেট হারালেও সেই সুবিধা কাজে লাগাতে পারেননি পাড়িক্কলরা।

error: Content is protected !!